খালেদা সুবিধামতো সময়ে ওমরাহ পালনে যাবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খালেদা জিয়া।
খালেদা জিয়া।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া রোজায় বা ঈদের পরে সুবিধামতো সময়ে ওমরাহ পালন করতে যাবেন। আজ বৃহস্পতিবার দুপুরে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।
আসাদুজ্জামান বলেন, সৌদি সরকার প্রতি বছরের মতো এবারও যথাযথ সম্মানের সঙ্গে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আমন্ত্রণ জানিয়েছেন। প্রতি বছরই রমজানে তিনি ওমরাহ পালন করেন। এবার রমজানের শুরু থেকেই বিএনপির চেয়ারপারসনের শরীর ভালো যাচ্ছে না। এ কারণে এবার তাঁর না যাওয়ারও চিন্তা ছিল। সে কারণে ‘হয়তো’ এবার তিনি ওমরাহ পালনে যাচ্ছেন না। তবে এটি একান্তই বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত ব্যাপার। এটি কোনো রাজনৈতিক ব্যাপার নয়।বিএনপির এই নেতা বলেন, খালেদা জিয়ার আমন্ত্রণ এখনো ‘ভেরি মাচ ভ্যালিড’ রয়েছে। যেকোনো সময় তিনি ও তাঁর পরিবারের সদস্যরা ওমরাহ পালনে যাবেন। তিনি অভিযোগ করেন, খালেদা জিয়ার ওমরাহ পালনে না যাওয়া নিয়ে বিভিন্ন গণমাধ্যম অনুমানভিত্তিক সংবাদ পরিবেশন করছে। কোনো কোনো গণমাধ্যম লিখেছে তারেক রহমান সৌদি আরবের ভিসা না পাওয়ায় খালেদা জিয়া যাচ্ছেন না—এ বিষয়টি ঠিক নয়।
গত কয়েক বছর ধরেই প্রতি রমজানে ওমরাহ পালনের উদ্দেশে সৌদি আবর যান খালেদা জিয়া। গতকাল বুধবার ওমরাহ পালনের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা থাকলেও তিনি যাননি। শেষ মুহূর্তে তাঁর এই সফর স্থগিত করা নিয়ে নানা গুঞ্জন চলছে।

দলের একটি সূত্র জানায়, দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন নিয়ে হয়রানির নেপথ্যে সরকারের কূট তৎপরতা আছে, এ তথ্য পেয়ে খালেদা জিয়া শেষ মুহূর্তে যাত্রা বাতিল করেছেন।