খালেদা হত্যাযজ্ঞে মেতে উঠেছেন: ওয়ার্কার্স পার্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের মিঠাপুকুরে চলন্ত বাসে আগুন দিয়ে শিশুসহ চারজনকে পুড়িয়ে মারা এবং সাবেক প্রতিমন্ত্রী রিয়াজ রহমানের গুলিবিদ্ধ হওয়ার ঘটনা খালেদা জিয়ার অপরিণামদর্শী কর্মসূচির ফল বলে মন্তব্য করেছে ওয়ার্কার্স পার্টি।
আজ বুধবার সন্ধ্যায় এক বিবৃতিতে দলটির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এ মন্তব্য করেন।
ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতিতে তাঁরা বলেন, ‘শান্তিপূর্ণ পরিস্থিতিকে পরিকল্পিতভাবে অস্থিতিশীল করে ঘোলা পানিতে মাছ শিকারের উদ্দেশ্যে খালেদা জিয়া সহিংস হরতাল অবরোধের দিকে এগিয়েছেন। স্বাধীনতাবিরোধী জঙ্গিবাদী গোষ্ঠীর চক্রান্ত বাস্তবায়নে তিনি পৃষ্ঠপোষকতা করছেন। এর মধ্য দিয়ে বেগম খালেদা জিয়া হত্যাযজ্ঞে মেতে উঠেছেন। রাজপথের এই সহিংস কর্মসূচি এখন কিছু কিছু ক্ষেত্রে ব্যক্তির ওপর আক্রোশ বাস্তবায়নের হাতিয়ার হিসেবেও ব্যবহৃত হতে শুরু করেছে।’
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির দুই নেতা অবিলম্বে মিঠাপুকুরে শিশুসহ চারজন হত্যায় জড়িত লোকজন এবং সাবেক প্রতিমন্ত্রী রিয়াজ রহমানের ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানান।
একই সঙ্গে বিএনপির নেত্রীকে অবিলম্বে সংঘাতময় রাজনীতির পথ থেকে আসার আহ্বান জানান তাঁরা। জনজীবনের নিরাপত্তা বিঘ্নকারী সব কর্মকাণ্ড শক্ত হাতে দমনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরও কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন তাঁরা।