খালেদা ২১ আগস্টের খুনিদের পাহারাদার: ইনু

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জঙ্গি ও সন্ত্রাসীদের দোসর ও মিত্র না থাকলে জঙ্গিবাদবিরোধী যুদ্ধ সহজ হতো। বিএনপি ও খালেদা জিয়া জঙ্গিদের দোসর। একাত্তর, পঁচাত্তর, একুশে আগস্টের ভয়ংকর খুনিদের সিন্ডিকেটের প্রধান, কেয়ারটেকার ও পাহারাদার তিনি।
আজ শুক্রবার খুলনার একটি অভিজাত হোটেলে জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে বাংলাদেশ বেতার আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।
হাসানুল হক ইনু বলেন, ‘যত দিন পর্যন্ত খালেদা জিয়া ও বিএনপি জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্যবদ্ধ থাকবে, একাত্তরের খুনি, পঁচাত্তরের খুনিদের পক্ষ নেবেন, তত দিন পর্যন্ত যেকোনো জঙ্গি ও সন্ত্রাসী ঘটনা ঘটলে প্রশাসন ও আমরা বিএনপি-খালেদাকে সন্দেহের তালিকায় রাখব। যত দিন তিনি তাঁর অবস্থান পরিষ্কার করতে না পারবেন, তত দিন প্রতিটি গুপ্তহত্যার জন্য তিনি সন্দেহের তালিকায় থাকবেন। তাঁকেই প্রমাণ করতে হবে জঙ্গিদের সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই।’
জাসদ সভাপতি ইনু বলেন, জঙ্গি ও সন্ত্রাসীদের দোসর ও মিত্র না থাকলে জঙ্গিবাদবিরোধী যুদ্ধ সহজ হতো। বিএনপি ও খালেদা জিয়া জঙ্গিদের দোসর। একাত্তর, পঁচাত্তর, একুশে আগস্টের ভয়ংকর খুনিদের সিন্ডিকেটের প্রধান, কেয়ারটেকার ও পাহারাদার তিনি। শুধু জামায়াতকে বাদ দিলেই সমস্যা সমাধান নয়। কারণ, জামায়াত দেশের জন্য হুমকি ও বিপজ্জনক, পাশাপাশি বিএনপিও সংবিধান ও গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ।
তথ্যমন্ত্রী বলেন, ‘আজকের জঙ্গিবাদ ও গুপ্তহত্যা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা কয়েকজন যুবকের অস্থির চিন্তা না, এটা পরিকল্পিত। একাত্তর, পঁচাত্তরের খুনি ও জঙ্গিরা একই চক্র। ১৯৭১ সালে যেমন পাকিস্তানিদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম, তেমনিভাবে এই যুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসীদের মোকাবিলা করতে হবে। সন্ত্রাসবিরোধী যুদ্ধে নিরপেক্ষ হওয়ার সুযোগ নেই। এখানে পক্ষ নিতে হবে, মাঝামাঝি থাকার কোনো সুযোগ নেই।’
হাসানুল হক বলেন, জঙ্গি দমনের অভিযানে প্রশাসনের বাহিনী নমনীয় না কঠোর হলো, সে কথা নিয়ে আলোচনা করবেন না, জঙ্গি দমন হচ্ছে কি না, সেটাই দেখবেন।
সন্ত্রাস দমনের নামে বিরোধী কোনো রাজনৈতিক দলকে দমন করা হচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকার কোনো রাজনৈতিক দলকে দমন করছে না। সন্ত্রাসী ঘটনায় যারা নিহত হয়েছে, তারা বিএনপি বা এর অঙ্গসংগঠনের কোনো লোক নয়। জঙ্গি ছাড়া কোনো নিরপরাধ মানুষকে হয়রানি করা হচ্ছে না। জাতীয় ঐক্য নিয়ে তিনি বলেন, জঙ্গি ও তাদের দোসরদের বাদ দিয়ে ইতিমধ্যে সরকার, আইনশৃঙ্খলা বাহিনী, ছাত্র-শিক্ষক, সুশীল সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সবাই আজ ঐক্যবদ্ধ।
সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন দরকার কি না, এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘দেশে যে আইন আছে, তা-ই যথেষ্ট। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী চমৎকার কাজ করছে।’ জঙ্গিদের রুখতে তিনি জনগণকে চোখ-কান খোলা রাখার পরামর্শ দেন।
বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ কে এম নেছার উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা-২ আসনের সাংসদ মুহাম্মদ মিজানুর রহমান, খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ, কুয়েটের উপাচার্য মুহাম্মদ আলমগীর, খুলনার কমিশনার নিবাস চন্দ্র মাঝি, খুলনা রেঞ্জ ডিআইজি এস এম মনির-উজ-জামান, খুলনা জেলা প্রশাসক নাজমুল আহসান, পুলিশ সুপার নিজামুল হক মোল্যা, জাসদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক খালিদ হোসেন এবং টাউন জামে মসজিদের খতিব ও জেলা ইমাম পরিষদের সভাপতি মো. সালেহ প্রমুখ।
ঢাকার বাইরে এটিই প্রথম সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ সব বেসরকারি রেডিও ও কমিউনিটি রেডিও অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে।