খালেদা 'ঐক্য-ঐক্য' খেলা শুরু করেছেন : হানিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গি-সন্ত্রাসবিরোধী ইস্যুতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জাতীয় ঐক্যের নামে ‘নতুন খেলা’ শুরু করেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেন, ‘গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার পর দেশের সাধারণ মানুষ যখন জঙ্গি ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে, তখন রাজনৈতিক অঙ্গনে বিএনপি নেত্রী এ নিয়ে খেলা শুরু করেছেন। তাঁর এই খেলার নাম হচ্ছে জাতীয় ঐক্য-ঐক্য খেলা।’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের ৬৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর শিল্পকলা একাডেমিতে যুবলীগ আয়োজিত সংবাদচিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে হানিফ এসব কথা বলেন।
মাহবুব উল আলম হানিফ বলেন, গুলশান হামলার ঘটনাকে খালেদা জিয়া রক্তাক্ত অভ্যুত্থান দাবি করেছেন। আর এই দাবির মধ্য দিয়ে তিনি ওই হামলার ঘটনাকেই একপ্রকার সমর্থন করেছেন। এরপর যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন, তখন দুই দিন পর খালেদা জিয়াও জাতীয় ঐক্যের কথা বললেন।
খালেদা জিয়াকে উদ্দেশ করে হানিফ বলেন, ‘আপনি কিসের ঐক্য চান বেগম জিয়া? দেশবাসীও জিজ্ঞেস করে আপনি কিসের ঐক্য চান? আমরা তো বহুবার বলেছি, আপনার সঙ্গে ঐক্যের প্রয়োজন নেই। এই ঐক্যের ধুয়া তুলে গত এক মাস আপনার দল শুধু খবরের কাগজেই আছে। এটাই আপনার সফলতা।’
তিনি বলেন, জাতীয় ঐক্য চাওয়ার আগে আপনার দলের সন্ত্রাসী এবং হত্যা-ষড়যন্ত্রের রাজনীতি করে ব্যর্থ ব্যক্তিদের তালিকা তৈরি করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন। আপনার জোটের মধ্যে যারা মানবতাবিরোধী অপরাধে যুক্ত আছে, তাদের সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিন। এতেই জঙ্গি-সন্ত্রাস নির্মূল হবে। জাতীয় ঐক্যের প্রয়োজন হবে না।
হানিফ আরও বলেন, ‘আমাদের দেশে কিছু তথাকথিত সুশীল সমাজ আছে। যারা খালেদা জিয়ার এই কথা শুনে আগ বাড়িয়ে তাঁর সঙ্গে দেখা করতে গেল। এরপর এই এক মাস জাতীয় ঐক্যের ধুয়া তুলে তারা প্রতিদিন গণমাধ্যমে সংবাদ করাচ্ছে।’
যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন যুবলীগ সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত প্রমুখ। সভা পরিচালনা করেন ঢাকা মহানগর যুবলীগ উত্তরের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন।