খালেদাকে কাশিমপুর কারাগারে রাখার কথা বললেন তথ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, আগুন-সন্ত্রাসের দায়ে বেগম খালেদা জিয়াকে বিচারের সম্মুখীন করে কাশিমপুর কারাগারে রাখা হবে। বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়াকে আর ছাড় দেওয়া হবে না।
গতকাল শুক্রবার দলীয় কার্যালয় কর্নেল তাহের মিলনায়তনে ঢাকা মহানগর জাসদ আয়োজিত ‘জঙ্গি-আগুন সন্ত্রাসের মূল উৎপাটন: গণতন্ত্রের অগ্রযাত্রা’ শীর্ষক আলোচনা সভায় তথ্যমন্ত্রী এ কথা বলেন।
গত বৃহস্পতিবার জামায়াতে ইসলামী আয়োজিত ইফতারে যোগ দেওয়ায় খালেদা জিয়ার সমালোচনা করে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ইনু বলেন, এতে প্রমাণ হয়, তিনি (খালেদা) ও জামায়াত এক সুতায় বাঁধা।
তথ্যমন্ত্রী বলেন, গণতন্ত্রে জঙ্গিবাদ থাকবে কি থাকবে না, সেটি যেমন বড় প্রশ্ন; তেমনি রাজনীতিতে খালেদা জিয়া থাকবেন কি থাকবেন না, এটিও এখনকার বড় প্রশ্ন। খালেদা জিয়া পাকিস্তানের তালেবানি রাজনীতি করতে চান—এমন অভিযোগ করে ইনু বলেন, সে সুযোগ তিনি আর পাবেন না। তাঁর মতে, জঙ্গিবাদের ডালপালা ছেঁটে কোনো লাভ নেই। শিকড় উপড়ে ফেলতে হবে। সেই শিকড় খালেদা জিয়া।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর জাসদের সমন্বয়ক মীর হোসাইন আখতার। আরও বক্তব্য দেন জাসদের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, সাংসদ নাজমুল হক প্রধান, নাদের চৌধুরী, আফরোজা হক প্রমুখ।