বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে করা কটূক্তির জন্য ক্ষমা না চাইলে গাজীপুরের মতো দেশের অন্য কোথাও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সমাবেশ করতে দেওয়া হবে না বলে ইঙ্গিত দিয়েছে আওয়ামী লীগ।
গতকাল শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এ ইঙ্গিত দেন। ৫ জানুয়ারি ও ১০ জানুয়ারির কর্মসূচি সফল করার জন্য আওয়ামী যুবলীগের সঙ্গে আওয়ামী লীগের যৌথ সভা হয়।
মাহবুব উল আলম হানিফ বলেন, বঙ্গবন্ধু সম্পর্কে কটূক্তি ও ইতিহাস বিকৃতির জন্য ক্ষমা না চাইলে জনগণ গাজীপুরের মতো ভবিষ্যতে দেশের অন্য কোথাও খালেদা জিয়াকে সমাবেশ করতে দেওয়া হবে কি না, তা ভাবার সময় এসেছে। তিনি বলেন, তারেক রহমান ও বিএনপির নেতারা মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নিয়ে যেভাবে কটূক্তি করেছে, তা আওয়ামী লীগ বরদাশত করবে না। তাদের মিথ্যাচারের জন্য জনগণ তাদের গাজীপুরে সমাবেশ করতে দেয়নি। খালেদা জিয়া ও তার পুত্রকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। এ দাবি শুধু ছাত্রলীগের নয়, এ দাবি বাংলার জনগণের।
সংবাদ সম্মেলনে দীপু মনি, আবদুল মতিন খসরু, আবদুস সোবহান, মৃণাল কান্তি দাস, যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী, হারুনুর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
রাস্তায় নামলেই গণধোলাই: বিএনপির নেতা-কর্মীরা রাস্তায় নামলেই ‘গণধোলাই’ দেওয়ার হুমকি দিয়েছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির গোলটেবিল মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ হুমকি দেন।
বিএনপির নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের গ্রেপ্তারের প্রতি ইঙ্গিত করে খাদ্যমন্ত্রী বলেন, এক নেতাকে গ্রেপ্তার করায় বিএনপি ‘ডিপ ফ্রিজে’ চলে গেছে। আর দু-একজনকে গ্রেপ্তার করলে কাউকেই খুঁজে পাওয়া যাবে না।