খালেদাকে ক্ষমতার নেশায় পেয়েছে: ইনু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ক্ষমতার নেশায় পেয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, ‘সব নেশাই খারাপ। ক্ষমতার নেশাও খারাপ। খালেদা জিয়াকে ক্ষমতার নেশায় পেয়েছে।’

আজ সোমবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘বাংলাদেশে মাদকাসক্তি প্রতিরোধে তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে হাসানুল হক ইনু এ মন্তব্য করেন। মানস নামের একটি সামাজিক সংগঠন এ আলোচনার আয়োজন করে।
হাসানুল হক ইনু আরও বলেন, ‘মাদক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে শৈথিল্য আছে। এর দায়ভার মহাজোট সরকারের। আমরা আমাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছি।’ তিনি বলেন, তামাক নিয়ন্ত্রণে নতুন আইন করা হয়েছে। দণ্ড বাড়ানো হয়েছে। তামাক চাষ না করতে উৎসাহিত করা হচ্ছে। তামাক নিয়ন্ত্রণ নীতিমালা প্রণয়ন করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক বলেন, ‘সরকার সুন্দর আইন করেছে। কিন্তু আইনের প্রয়োগ কতটুকু, আইনের আওতায় কতজন শাস্তি পেয়েছে, তা জানা যায় না। এ আইন কার্যকর করার ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ যাতে ব্যবস্থা নেয়, তা দেখতে সরকারকে অনুরোধ করছি।’

অনুষ্ঠানে সভাপতিত্ব ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন মানসের সভাপতি অধ্যাপক অরূপ রতন চৌধুরী। প্রবন্ধে বলা হয়, দেশে বর্তমানে প্রতি দুই মিনিটে একজনের মৃত্যু ঘটছে তামাকের কারণে।