খালেদাকে ক্ষমা চাইতে হবে: সুরঞ্জিত

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ক্ষমতায় যাওয়ার জন্য খালেদা জিয়া পেট্রলবোমা মেরে, আগুন দিয়ে মানুষ হত্যা করছেন। তাঁকে এখন মানুষ বেগম খালেদা জিয়া নয়, ‘আগুনি বেগম’ বলে ডাকে। আগুন দিয়ে নিরীহ মানুষ হত্যার জন্য এই ‘আগুনি বেগম’কে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।
আজ রোববার বিকেলে সুনামগঞ্জের দিরাই উপজেলার রজনীগঞ্জ উচ্চবিদ্যালয়কে কলেজে উন্নীতকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সুরঞ্জিত সেনগুপ্ত। বিদ্যালয়ের মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সুরঞ্জিত সেনগুপ্ত আরও বলেন, আওয়ামী লীগ হলো আন্দোলনের ‘হেড মাস্টার’। বিএনপির হুমকি-ধমকিতে আওয়ামী লীগ ভয় পায় না।
খালেদা জিয়াকে উদ্দেশ করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, দেশের লাখ লাখ শিক্ষার্থী যখন এসএসসি পরীক্ষা দেবে, তখন তিনি হরতাল-অবরোধ ডাকেন। আর নিজের নাতি-নাতনিদের পরীক্ষার জন্য পাঠিয়ে দেন বিদেশে। এই শিক্ষার্থীরা তাঁকে কখনো ক্ষমা করবে না।
দিরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছাব উদ্দিন সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার সংরক্ষিত নারী আসনের সাংসদ শামসুন্নাহার বেগম শাহানা, কলেজের অধ্যক্ষ শামসুল হুদা, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম, স্থানীয় আওয়ামী লীগের নেতা সোহেল আহমদ, উপজেলা যুবলীগের আহ্বায়ক রঞ্জন রায় প্রমুখ।