সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির নেতারা বঙ্গবন্ধুর বিরুদ্ধে বিষোদ্গার করে খালেদা জিয়া ও তারেক রহমানকে খুশি করার প্রতিযোগিতায় নেমে পড়েছেন। দলের সম্মেলন সামনে রেখে বিএনপিতে এ প্রতিযোগিতা চলছে। কারণ, তাঁরা জানেন এতে খালেদা জিয়া ও তারেক রহমান খুশি হবেন।’
গতকাল শুক্রবার নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে চার লেন সড়কের কংক্রিটের তৈরি (রিজিড পেভমেন্ট) অংশের উদ্বোধনের পর উপস্থিত সাংবাদিকদের মন্ত্রী এসব কথা বলেন।
এ সময় স্থানীয় সাংসদ মামুনুর রশিদ, জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামান, সড়ক ও জনপথ বিভাগের নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী জাহেদ হোসেন সেখানে উপস্থিত ছিলেন।
পরে মন্ত্রী একই স্থানে পথসভায় বক্তব্য দেন। এ সময় ওবায়দুল কাদের বলেন, ‘যত দূর জানি আগামী ফেব্রুয়ারিতে প্রথম দফায় ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। নির্বাচন হবে মার্চে।’ তিনি বলেন, চেয়ারম্যান পদে দলীয় প্রতীকে নির্বাচন হলেও এতে কোনো দলীয় প্রভাব থাকবে না।
চৌমুহনী পৌরসভার মেয়র আক্তার হোসেন ফয়সল সভায় সভাপতিত্ব করেন। সভায় সেতুমন্ত্রী আরও বলেন, কুমিল্লা থেকে নোয়াখালী এবং ফেনী থেকে লক্ষ্মীপুর পর্যন্ত সড়ক ৩০ ফুট চওড়া করার কাজ শিগগিরই শুরু হবে। রাস্তায় ছোট যানবাহনের জন্য আলাদা লেন থাকবে।