খালেদাকে গুরুত্ব দিয়ে চীনের প্রেসিডেন্ট একটা বার্তা দিয়েছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বাংলাদেশের সংসদ নির্বাচিত নয় বলে সংসদের বিরোধী দলকে গুরুত্ব দেননি চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। তিনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে গুরুত্ব দিয়েছেন। এর মাধ্যমে সি চিন পিং বাংলাদেশের জনগণের জন্য একটা বার্তা ও ইশারা দিয়ে গেছেন বলে বিএনপির এই নেতা দাবি করেন।
গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিলনায়তনে এক আলোচনা সভায় খন্দকার মোশাররফ এসব কথা বলেন। তিনি বলেন, অন্য দেশের রাষ্ট্রপ্রধানেরা দেশে এলে সরকারপ্রধান, রাষ্ট্রপতি ও সংসদের বিরোধী দলের সঙ্গে সাক্ষাৎ করেন। কিন্তু চীনের প্রেসিডেন্ট সংসদের বিরোধী দলের সঙ্গে বৈঠক না করে পরিষ্কার বার্তা দিয়ে গেছেন।
‘চীনের প্রেসিডেন্টের বাংলাদেশ সফর ভূ-আঞ্চলিক রাজনীতির নতুন বার্তা’ শীর্ষক এই আলোচনার আয়োজন করে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।
খন্দকার মোশাররফ বলেন, চীনের প্রেসিডেন্টের এই সফর গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। বাংলাদেশের যেকোনো সংকটে চীন জনগণের পাশে আছে বলে সি চিন পিং বার্তা দিয়ে গেছেন। জনগণের উন্নয়নে চীন পাশে থাকবে। বিএনপির এই নেতা চীনের সহযোগিতায় সোনাদিয়ায় গভীর সমুদ্রবন্দর নির্মাণ এবং এশিয়ান হাইওয়ে বাস্তবায়নের আহ্বান জানান।
চীন আধিপত্য ও সম্প্রসারণবাদে বিশ্বাসী নয় উল্লেখ করে খন্দকার মোশাররফ বলেন, বিএনপির সরকারের সময় সিদ্ধান্ত হয়েছিল এশিয়ান হাইওয়ে বাংলাদেশের ওপর দিয়ে চট্টগ্রাম-কক্সবাজার হয়ে ৩৭ কিলোমিটার নতুন রাস্তা করে মিয়ানমার, থাইল্যান্ড ও চীনের সঙ্গে সংযুক্ত হবে। এর মাধ্যমে গোটা পশ্চিম এশিয়ার সঙ্গে বাংলাদেশের যোগাযোগব্যবস্থা গড়ে তোলা হবে। চীন এতে সমর্থন দিয়েছিল। তাঁরা আশা করেন, চীন এ ব্যাপারে ভূমিকা রাখবে।