খালেদাকে গ্রেপ্তারের দাবিতে ৫ এপ্রিল গণপদযাত্রা
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেপ্তারের দাবিতে ৫ এপ্রিল রাজধানীতে গণপদযাত্রা করবে শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ।
‘খালেদা জিয়ার নির্দেশে ২০ দলীয় জোটের অবরোধ-হরতালের নামে যানবাহনে অগ্নিসংযোগ, জ্বালাও-পোড়াও এবং পেট্রলবোমায় মানুষ হত্যার’ প্রতিবাদে এই গণপদযাত্রা হবে। গণপদযাত্রাটি বেলা তিনটায় মানিক মিয়া অ্যাভিনিউতে শুরু হয়ে সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনে এসে শেষ হবে।
নৌ-পরিবহন মন্ত্রী ও শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের আহ্বায়ক শাজাহান খান আজ বুধবার রাজধানীর বিসিআইসি মিলনায়তনে শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের প্রতিনিধি সভায় এ কথা বলেন।
আজ নৌ-পরিবহন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বিসিআইসি শ্রমিক লীগ আয়োজিত এ প্রতিনিধি সভায় মন্ত্রী বলেন, ‘কোনো ব্যক্তিগত এজেন্ডা নয়, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের জন্য আমাদের এ আন্দোলন। বাংলার মানুষ হরতাল-অবরোধ মানে না। আপনাকে (খালেদা জিয়া) গণতন্ত্রের পথে আসতে হবে। গণতন্ত্রের পথে আসলে রাজনৈতিক কোমা থেকে মুক্তি পাবেন।’
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংসদ ইস্রাফিল আলম, শিরীন আখতার, মুক্তিযোদ্ধা আবদুল মালেক মিয়া, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী প্রমুখ।