খালেদাকে জবাব দেবে ছাত্রলীগ

২০১৯ সালে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে শেখ হাসিনার সরকারের অধীনে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাচনে না এসে ভুলের খেসারত দিতে আন্দোলন শুরু করতে চাইলে তার দাঁতভাঙা জবাব দেবে ছাত্রলীগ। কেননা এ দেশে আন্দোলনের মাস্টার হলো ছাত্রলীগ।
আজ রোববার ফরিদপুরে সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্রছাত্রী সংসদের (রুকসু) অভিষেক অনুষ্ঠানে ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য আবদুর রহমান এ কথা বলেন। দুপুরে কলেজ ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেন, রাজেন্দ্র কলেজ শুধু লেখাপড়া শেখায় না, নেতাও তৈরি করে। রাজেন্দ্র কলেজের ডিগ্রি ও অনার্স শাখা দুই জায়গায় অবস্থিত উল্লেখ করে তিনি বিএনপির সাবেক মন্ত্রী কামাল ইউসুফের সমালোচনা করে বলেন, ‘রাজেন্দ্র কলেজকে দুই টুকরো করেছে কামাল ইউসুফ। তিনি (কামাল ইউসুফ) এই কলেজে পড়েননি তাই এ কলেজের ব্যাপারে তাঁর কোনো মমত্ববোধও নেই।’
রাজেন্দ্র কলেজের মাঠে শিল্পকলা একাডেমির মালিকানাধীন মিলনায়তনের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, এই মিলনায়তনটি রাজেন্দ্র কলেজকে দিতে হবে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিনি ফরিদপুরের জেলা প্রশাসককে অনুরোধ জানিয়েছেন।
ফরিদপুরের একটি প্রাচীন স্কুল ঈশান ইনস্টিটিউশন বিলুপ্তির তীব্র সমালোচনা করে মন্ত্রী বলেন, ‘বিদ্যাপীঠ যে ধ্বংস হয়, তার প্রকৃষ্ট উদাহরণ ফরিদপুর। আমি ওই স্কুলে পড়তাম কিন্তু এখন ওই স্কুলের কোনো অস্তিত্ব নেই।’
সংসদ সদস্য আবদুর রহমান বলেন, ‘নির্বাচনকালীন সরকার প্রশ্নে নানা কথা বলেন বিএনপি নেত্রী খালেদা জিয়া। কখনো সহায়ক সরকার, কখনো তত্ত্বাবধায়ক সরকার, আবার কখনো বা বলা হয় “হাসিনামুক্ত” সরকারের অধীনে নির্বাচন চাই। কিন্তু খালেদার এ স্বপ্ন কোনো দিন বাস্তবায়িত হবে না।’
আবদুর রহমান বলেন, ২০১৯ সালে শেখ হাসিনার সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে। তখন যদি আপনি (খালেদা) নির্বাচনে না এসে নিজের ভুল বুঝে আন্দোলনের নামে বাসে আগুন দেওয়া শুরু করেন, তাহলে তার দাঁতভাঙা জবাব দেবে ছাত্রলীগ। কেননা এ দেশে আন্দোলনের মাস্টার হলো ছাত্রলীগ।’
ছাত্রলীগের নেতা-কর্মীদের সতর্ক করে আবদুর রহমান বলেন, ‘আদর্শিক রাজনীতি যদি আমরা গড়ে তুলতে না পারি, ত্যাগী নেতার পরীক্ষায় যদি আমরা পাস করতে না পারি, তাহলে এই নির্বাচন (ছাত্র সংসদ নির্বাচন), এই বক্তৃতা কোনো কাজে লাগবে না।’
১৪ বছর পর গত ২৭ জানুয়ারি সরকারি রাজেন্দ্র কলেজের ছাত্রছাত্রী সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ছাত্রলীগ পূর্ণ প্যানেলে জয়লাভ করে। ওই নির্বাচনের দশ মাস পর আজ নির্বাচিত ওই সংসদের এ অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ মোশাররফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য হাবিব এ মিল্লাত, ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেসাম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশাসহ অনেকে।