খালেদাকে দল থেকে বাদ দেওয়ার আওয়াজ উঠছে, দাবি হানিফের

ব্যর্থতা ও ভুল সিদ্ধান্তের কারণে দল থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বাদ দেওয়ার আওয়াজ উঠছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
আজ বুধবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের এক যৌথ সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ দাবি করেন হানিফ। ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে এই যৌথ সভার আয়োজন করা হয়।
মাহবুব উল আলম হানিফ বলেন, ‘বিএনপি যে জঙ্গিদের মদদ দিচ্ছে তা জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত। তারা জামায়াতের মুদ্রার ওপিঠ। কারণ জামায়াত-শিবির যে প্রক্রিয়ায় সন্ত্রাস ও নাশকতা চালায়, বিএনপিও এখন সেই পথেই কার্যক্রম চালাচ্ছে।’ তিনি বলেন, ‘খালেদা জিয়ার ব্যর্থতা ও ভুল সিদ্ধান্তের কারণে বিএনপি থেকে তাকে বাদ দেওয়ার আওয়াজ উঠছে। এ কারণে তিনি বিরাগভাজন হয়ে সরকারের বিরুদ্ধে কথা বলে আলোচনায় থাকতে চান।’
হানিফ বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের আগে বিএনপি স্বপ্রণোদিত হয়েই বলেছে যে, তারা ভারত বিরোধী নয়। মূলত খালেদা জিয়া মোদির সঙ্গে সাক্ষাৎ পাওয়ার জন্যই এ ধরনের কথা বলেছেন। কিন্তু তারা যে আদর্শ লালন করেন, তার সবগুলোই ভারত বিরোধী। ভারত বিরোধিতাকে বিশ্বাস করেই তারা ধর্মকে ব্যবহার করেন।
আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক আরও বলেন, ভারতের প্রধানমন্ত্রী তাঁর বাংলাদেশ সফরে এসে কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছেন। তিনি (মোদি) বিএনপি নেত্রী খালেদা জিয়ার সঙ্গেও বৈঠক করেছেন। কিন্তু অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে সন্ত্রাস ও জঙ্গিবাদ নিয়ে আলোচনা না করলেও, খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতে এ বিষয়ে প্রশ্ন তুলেছেন। এ থেকেই প্রমাণ হয় খালেদা জিয়ার জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে ভারতও উদ্বিগ্ন। যৌথ সভায় রমজানের পবিত্রতা রক্ষা করে কীভাবে এ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানান।
যৌথসভায় আওয়ামী লীগ নেতা এম এ আজিজ, মোফাজ্জল হোসেন চৌধুরী, দীপু মনি, আহমদ হোসেন, বাহাউদ্দিন নাছিম, আবদুস সোবহান গোলাপ, মৃণাল কান্তি দাস, অসীম কুমার উকিল প্রমুখ উপস্থিত ছিলেন।