তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু মন্তব্য করেছেন, সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে ভোল পাল্টানো খালেদা জিয়াকে আলমের পচা সাবান দিয়ে ধুলেও তাঁর শরীর থেকে পোড়া মানুষের গন্ধ যাবে না। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
এর আগে ৫ জানুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের অবরোধ ও হরতাল চলাকালে পেট্রলবোমা হামলায় শতাধিক মানুষকে পুড়িয়ে মারার ইঙ্গিত দিয়ে তথ্যমন্ত্রী বলেন, কোনো ভোটই আগুন-সন্ত্রাসীদের রেহাই দেবে না। ’৭১, ’৭৫ ও ২১ আগস্টের খুনিদের মতোই আগুন-সন্ত্রাসী ও তাদের নেতা খালেদা জিয়াকে কোনোভাবেই দায়মুক্তি দেওয়া হবে না।
এ সময় কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুজিব-উল ফেরদৌস, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আবদুল আলীমসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।