খালেদাকে নতুন কমিটির শুভেচ্ছা, পদবঞ্চিতদের বিক্ষোভ
ছাত্রদলের নবগঠিত কমিটির পাঁচ শতাধিক সদস্য আজ রোববার রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন। তাঁরা ফুল দিয়ে খালেদা জিয়াকে শুভেচ্ছা জানান। শনিবার ৭৩৬ সদস্যের ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়।
প্রায় কাছাকাছি সময়ে গুলশানে খালেদা জিয়ার বাড়ির সামনে বিক্ষোভ করেন ছাত্রদলের পদবঞ্চিত অর্ধশতাধিক নেতা-কর্মী।
প্রায় ১৫ মাস পর শনিবার জাতীয়তাবাদী ছাত্রদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি অনুমোদন করা হয়েছে। গঠনতন্ত্র অনুযায়ী সংগঠনটির কেন্দ্রীয় কমিটি ১৫১ সদস্যের হলেও এবার জায়গা দেওয়া হয়েছে ৭৩৬ জনকে।
শনিবার কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ৩ বছর ৪ মাস পর সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটিও অনুমোদন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আল মেহেদী তালুকদারকে সভাপতি এবং আবুল বাসার সিদ্দিকীকে সাধারণ সম্পাদক করা হয়। এ ছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম, ঢাকা কলেজ, তিতুমীর কলেজ, তেজগাঁও কলেজ, সরকারি কবি নজরুল কলেজ, সরকারি বাঙলা কলেজ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং ঢাকা জেলার কমিটিও অনুমোদন করা হয়। এসব কমিটির অনুমোদন দেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজীব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান। এর মধ্যে ঢাকা কলেজ, তিতুমীর কলেজ, তেজগাঁও কলেজ, সরকারি কবি নজরুল কলেজ, সরকারি বাঙলা কলেজকে কেন্দ্রীয় সংসদের অধীনে নেওয়া হয়।