খালেদাকে নাশকতা বন্ধের পরামর্শ দিন: ইনু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাসানুল হক ইনু
হাসানুল হক ইনু

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, আইনজীবী ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনসহ যাঁরা আলোচনার পরামর্শ দিচ্ছেন, তাঁদের বলব সরকারকে নয়, আগে খালেদা জিয়াকে নাশকতা, জ্বালাও, পোড়াও বন্ধ করার পরামর্শ দিন। তিনি বলেন, বোমাবাজদের যদি কারাগারে যেতে হয়, তবে উসকানিদাতা হিসেবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার স্থান হবে কাশিমপুর কারাগারে।
আজ মঙ্গলবার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারি রিপোর্টার্স ফোরামের উদ্যোগে আয়োজিত এক সংলাপে মন্ত্রী এ কথা বলেন।
হাসানুল হক ইনু বলেন, ‘খালেদা জিয়া যদি জঙ্গিবাদ না ছাড়েন, নাশকতা বন্ধ না করেন তাহলে আলোচনার কোনো সুযোগ নেই। খালেদা জিয়া হলেন নাশকতার রানি। অশান্তির রানি, সন্ত্রাসের রানি। উনি বাংলাদেশের রাজনীতির শনি।’ সংলাপে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সাম্প্রতিক নাশকতার ঘটনায় সাত হাজার নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
কয়েকজন মন্ত্রী এক সপ্তাহের মধ্যে রাজনৈতিক সংকটের সমাধান হবে বলে মন্তব্য করেছিলেন। এ ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, দিনক্ষণ দিয়ে সন্ত্রাস বন্ধ হয় না। তবে এই অভিশাপ থেকে বেরিয়ে আসার চেষ্টা চলছে। একটু সময় লাগবে।