খালেদাকে নিয়ে উদ্বিগ্ন বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। প্রথম আলো ফাইল ছবি।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। প্রথম আলো ফাইল ছবি।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কারাগারে থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে তাঁরা উদ্বিগ্ন। আজ শুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এ বক্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘শুধু জানতে চাই, আমাদের চেয়ারপারসন কেমন আছেন, প্রিয় নেত্রী কেমন আছেন? আমরা সংবাদপত্রের মাধ্যমে জানতে পেরেছি, তাঁকে সাধারণ কয়েদির মতো রাখা হয়েছে। কারাগারের ভেতরে কী ঘটছে, কী অবস্থা—আমরা কিছুই জানতে পারছি না।’

বিএনপি নেতা রিজভী বলেন, সাধারণ কয়েদির মতো রাখা হচ্ছে—এ কথা কেন সংবাদপত্রে আসছে? তিনবারের প্রধানমন্ত্রী, এ দেশের বৃহত্তম রাজনৈতিক দলের নেতা তিনি। সরকারের রুচি এতটা নিচু কেন? তিনি বলেন, সরকার কি মনে করে এই হুংকার, এই ধমক প্রতিদিন মানুষ শুনতে থাকবে আর হজম করতে থাকবে? রুহুল কবির রিজভী বলেন, খালেদা জিয়া ও তারেক রহমানকে সাজা দিয়ে প্রধানমন্ত্রী রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করেছেন।