খালেদাকে নীতি পরিহারের আহ্বান অর্থমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবুল মাল আবদুল মুহিত। ফাইল ছবি
আবুল মাল আবদুল মুহিত। ফাইল ছবি

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘বিধ্বংসী’ ও ‘হিংসাত্মক’ নীতি পরিহার করার আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। খালেদা জিয়াকে দেশের মঙ্গলের স্বার্থে ধ্বংসাত্মক রাজনীতি না করার আহ্বান জানাতে দেশের সব রাজনীতিবিদকেও অনুরোধ করেন তিনি।

আজ শুক্রবার ভোলা সদর উপজেলার বাংলাবাজারে ‘স্বাধীনতা জাদুঘরে’র ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব মন্তব্য করেন।

অর্থমন্ত্রী বলেন, ‘সন্ত্রাস অত্যন্ত গোপনীয় জিনিস। সন্ত্রাসীর হাতে প্রচুর অস্ত্র থাকলেও মানুষকে তারা ভয় করে, মানুষের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয় না। একজন সন্ত্রাসী, একজন দস্যু আমাদের সবাইকে জিম্মি করে রাখছে দেশে রাজনৈতিক বিভাজন সৃষ্টি করার জন্য।’

২০-দলীয় জোটের নেত্রী খালেদা জিয়াকে উদ্দেশ করে অর্থমন্ত্রী বলেন, ‘তাঁর শুভ বুদ্ধির উদয় হোক! যাঁরা তার অনুসারী আছেন, আপনারা নেত্রীকে বোঝান, দেশের উন্নয়ন ব্যাহত না করে দেশের সন্ত্রাস, হত্যা ও গুম বন্ধে সচেষ্ট হন। যারা দেশের মঙ্গল চায়, দেশের ভালো চায়, তারা দেশের বিধ্বংসী ও হিংসাত্মক পরিস্থিতির পলিসি গ্রহণ করতে পারে না। তারা রাজনীতি করতে পারে না।’


অর্থমন্ত্রী উদ্বোধন অনুষ্ঠানে আসা কয়েক হাজার মানুষের উদ্দেশে বলেন, ‘আমরা চিন্তা করেছি অভ্যন্তরীণ মানুষের চাহিদাকে বাড়িয়ে দারিদ্র্য নিরসন করতে হবে। কারণ দারিদ্র্যের কোনো চাহিদা থাকে না; চাহিদা ব্যাপকভাবে বাড়াতে বৈষম্য সহনীয় পর্যায়ে নিয়ে আসতে চেষ্টা করছি। এ জন্য অসুস্থ, সুবিধাবঞ্চিত, বিধবা-বয়স্ক ও প্রতিবন্ধীদের সহায়তা দিচ্ছি। এখন সহায়তা যথাযথ জায়গায় পৌঁছাতে আপনাদের সহায়তা দরকার।’


অনুষ্ঠানে উপস্থিত বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ‘খালেদা জিয়া আমাদের অগ্রযাত্রাকে ব্যাহত করতে চাচ্ছেন।’ তিনি বলেন, ভোলা হবে বাংলাদেশের শ্রেষ্ঠ জেলা। সে লক্ষ্যে উন্নয়ন চলমান রয়েছে।


অর্থমন্ত্রী আরও বলেন, ‘সমস্ত উন্নয়ন নীতিমালা মানুষের কল্যাণে প্রতিষ্ঠিত। বাজারকে বড় করার জন্য, চাহিদাকে বাড়ানোর জন্য শিক্ষা, স্বাস্থ্য খাতকে উন্নত করার পাশাপাশি যোগাযোগব্যবস্থার উন্নয়ন অত্যন্ত প্রয়োজনীয়। এই তিনটি খাতে যদি এগিয়ে যেতে পাড়ি তবে আমাদের রুখে দাঁড়ানো কারও পক্ষে সম্ভব নয়।’

অর্থমন্ত্রী বলেন, ‘আমাদের লক্ষ্যে ২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের দেশে নিয়ে যাওয়া। ইতিমধ্যে মধ্যম আয়ে প্রায় পৌঁছে গেছি, ২০১৮ সালে মধ্যম আয়ের দেশ হব, কিন্তু মধ্যম আয়ের দেশ টিকিয়ে রাখার জন্য সামাজিক উন্নয়ন দরকার।’


এর আগে মন্ত্রী সরকারি ফজিলাতুন্নেসা মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।

জেলা পরিষদ প্রশাসক আবদুল মমিন টুলুর সভাপতিত্বে স্বাধীনতা জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিনিয়োগ বোর্ডের সাবেক চেয়ারম্যান এম মোকাম্মেল হক, জাতীয় পার্টির মহাসচিব সাংসদ জিয়া উদ্দিন আহম্মেদ বাবলু প্রমুখ।


মেঘনার ভাঙন ও পানি উন্নয়ন বোর্ডের উন্নয়ন কাজ পরিদর্শন পানিসম্পদমন্ত্রীর
এদিকে আজ পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলার মেঘনার ভাঙন ও পানি উন্নয়ন বোর্ডের চলমান বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন) আসনের সাংসদ আলী আজম মুকুল, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারেফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম।