খালেদাকে রাজনীতি থেকে সরাতে মামলা দেওয়া হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খালেদা জিয়াকে ‘রাজনীতি থেকে দূরে সরাতে’ এবং ‘রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ’ করতে তাঁর বিরুদ্ধে সরকার ‘মিথ্যা মামলার’ আশ্রয় নিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গত সোমবার বিএনপির চেয়ারপারসনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলার বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় গতকাল মঙ্গলবার মির্জা ফখরুল সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খানসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি ও নাশকতার মামলার পর সর্বশেষ রাষ্ট্রদ্রোহের মামলা করে প্রমাণ করেছে, ক্ষমতাসীন আওয়ামী লীগ দেশনেত্রীকে ভয় পায়। তিনি বলেন, খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে সরকার তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। তাঁকে রাজনীতি থেকে দূরে রাখতে চায় সরকার। তাঁর বিরুদ্ধে ইতিমধ্যে ১০টি মামলা করা হয়েছে।
মির্জা ফখরুল অভিযোগ করেন, সরকার একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার জন্য বিরোধী দল, বিশেষ করে খালেদা জিয়া, তারেক রহমানসহ শীর্ষস্থানীয় নেতা এবং হাজারো নেতা-কর্মীর বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দিয়ে গণতান্ত্রিক রাজনীতিকে ধ্বংস করে দিচ্ছে।
গত ২১ ডিসেম্বর রাজধানীতে এক মুক্তিযোদ্ধা সমাবেশে খালেদা জিয়া বলেছিলেন, ‘মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক আছে। আজকে বলা হয়, এত লাখ লোক শহীদ হয়েছে। এটা নিয়েও অনেক বিতর্ক আছে।’ এর পরিপ্রেক্ষিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, খালেদা জিয়ার ওই বক্তব্যের কোথাও রাষ্ট্রদ্রোহের মামলা হওয়ার মতো উপাদান নেই। তাঁর বক্তব্যের একটি ক্ষুদ্র অংশের বিকৃত ব্যাখ্যা করে মামলাটি করা হয়েছে।
আর এ গনির জন্য দোয়া: গতকাল বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় দলের স্থায়ী কমিটির সদস্য আর এ গনির আত্মার মাগফিরাত কামনায় দোয়ার আয়োজন করা হয়।
দোয়া অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, আর এ গনি একজন নিরহংকারী মানুষ ছিলেন। এই দুঃসময়ে তাঁর চলে যাওয়ার ক্ষতি সহজে পূরণ হওয়ার নয়।
দোয়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রুহুল কবির রিজভী, খায়রুল কবির, নাজিম উদ্দিন আলম, আবদুস সালাম আজাদ, শিরিন সুলতানা প্রমুখ।
শোক: গতকাল এক বিবৃতিতে মির্জা ফখরুল দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খানের ভগ্নিপতি কানাডার কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সৈয়দ তারিক আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।