খালেদাকে রেহাই দেওয়া গণতন্ত্রের মৃত্যুদণ্ডে দস্তখতের শামিল: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘বঙ্গবন্ধু ও ৭ই মার্চ অস্বীকারকারী ও আগুন–সন্ত্রাসের নেত্রী খালেদা জিয়াকে রেহাই দেওয়া মানে গণতন্ত্রের মৃত্যুদণ্ডে দস্তখতের শামিল ও ইতিহাস পোড়ানোর লাইসেন্স দেওয়া।’
মন্ত্রী বলেন, ‘এ যুদ্ধে হারলে বাংলাদেশ, ইতিহাস ও গণতন্ত্র পুড়বে। কারণ, যারা মানুষ পোড়ায়, তারা দেশ, ইতিহাস ও গণতন্ত্র পোড়ায়। সে কারণেই এ থেকে রক্ষা পেতে হলে আগুন–সন্ত্রাসীদের ও তাদের নেত্রীকে রাজনীতি থেকে বিতাড়িত করতে হবে।’
আজ শনিবার দুপুরে ৭ই মার্চ উপলক্ষে মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদ আয়োজিত ‘অহিংস অসহযোগ আন্দোলনের স্বরূপ ও চলমান জঙ্গিবাদী সন্ত্রাসের রাজনৈতিক মূল্যায়ন’ শীর্ষক সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এবং জাসদের সভাপতি এ কথা বলেন। তথ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
রাজধানীর জাসদ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদের সভাপতি হাবিবুর রহমান শওকত সভাপতিত্ব করেন। বৈঠকে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংসদ নাজমুল হক প্রধান ও শিরিন আখতার, জাসদের সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া, জাসদের নেতা করিম শিকদার প্রমুখ।