
রাজনৈতিক সংকট সমাধানে সবার সঙ্গে কথা বলতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে পরামর্শ দিয়েছেন কয়েকজন রাজনীতিবিদ। গতকাল সোমবার খালেদা জিয়ার আমন্ত্রণে ইফতারে এসে অনানুষ্ঠানিক আলোচনায় তাঁরা এ পরামর্শ দেন। এ সময় খালেদা জিয়া তাঁদের আশ্বস্ত করেন, সংকট সমাধানে সব ধরনের আলোচনার পথ খোলা রেখেছেন তিনি।
গতকাল বসুন্ধরা কনভেনশন সেন্টারের ‘নবরাত্রি হলে’ রাজনীতিবিদদের সম্মানে ইফতারের আয়োজন করে বিএনপি। ইফতারস্থলে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আসেন খালেদা জিয়া। অনুষ্ঠানস্থলে প্রবেশ করে প্রথম সারিতে বসা বিকল্পধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, জাসদের (রব) আ স ম আবদুর রব ও তাঁর স্ত্রী তানিয়া রব, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্নার টেবিলে এসে বসেন খালেদা জিয়া। তাঁদের সঙ্গে কুশল বিনিময় করেন। আলাপচারিতায় বি. চৌধুরী, রব ও মান্না রাজনৈতিক পরিস্থিতির কথা তোলেন। তাঁরা সংকট সমাধানের জন্য খালেদা জিয়াকে সবার সঙ্গে কথা বলার পরামর্শ দেন।
এরপর খালেদা জিয়া একে একে আমন্ত্রিত অতিথিদের টেবিল ঘুরে কুশল বিনিময় করেন।
পরে মূল টেবিলে গিয়ে ইফতার করেন খালেদা। সেখানে এলডিপির সভাপতি অলি আহমদ, কল্যাণ পার্টির সভাপতি সৈয়দ মুহম্মদ ইবরাহিম, জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান, ইসলামী ঐক্যজোটের অ্যাডভোকেট এম এ রকিব, জাতীয় পার্টি (কাজী জাফর) টিআইএম ফজলে রাব্বী চৌধুরী, জাগপার ভারপ্রাপ্ত সভাপতি প্রয়াত শফিউল আলম প্রধানের স্ত্রী অধ্যাপিকা রেহমান প্রধান উপস্থিত ছিলেন।