খালেদাকে সময় বেঁধে দিয়েছে এক শরিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খালেদা জিয়াকে পাঁচ দফা দাবি দিয়ে ৭২ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের শরিক ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি)। এ সময়ের মধ্যে দাবি না মানলে দলটি জোট ছাড়তে বাধ্য হবে।
গতকাল শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন এনডিপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলমগীর মজুমদার। তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, তাঁরা বিশেষ কোনো গোষ্ঠী বা গোয়েন্দা সংস্থার প্রলোভনে জোট ছাড়ার কথা বলছেন না।
এ সময় উপস্থিত ছিলেন ২০-দলীয় জোটের আরেক শরিক ইসলামিক পার্টির মহাসচিব এম এ রশিদ প্রধান এবং কিছুদিন আগে জোট থেকে বেরিয়ে যাওয়া এনপিপির চেয়ারম্যান শওকত হোসেন।
বিএনপি জোট থেকে ক্ষুদ্র আরও কয়েকটি দলকে বের করে নিয়ে শওকত হোসেনের নেতৃত্বে আলাদা জোট গঠনের প্রক্রিয়া চলছে। বিএনপির নেতাদের অভিযোগ, বিএনপিকে মানসিকভাবে দুর্বল করার লক্ষ্যে সরকারের পৃষ্ঠপোষকতায় এ তৎপরতা চলছে।
বিএনপির একটি সূত্র জানায়, এ পরিস্থিতি মোকাবিলায় তারাও পাল্টা কৌশল নিয়েছে। তা হলো, যেসব শরিক দল জোট ছেড়ে চলে যাচ্ছে, তাদের কোনো না কোনো নেতাকে দিয়ে সংশ্লিষ্ট দলটির নতুন কমিটি করে জোটের সংখ্যা ঠিক রাখা।
এরই মধ্যে গতকাল সংবাদ সম্মেলনকারী এনডিপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলমগীর মজুমদারকে বহিষ্কারের ঘোষণা দিয়েছেন দলের চেয়ারম্যান খন্দকার গোলাম মর্তুজা। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি ২০ দলে থাকার ঘোষণা দেন।
আর আলমগীর মজুমদার দাবি করেন, ১২ সেপ্টেম্বর দলের সভাপতিমণ্ডলীর সভা এবং ১৯ সেপ্টেম্বর জাতীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এনডিপির চেয়ারম্যান পদ থেকে খন্দকার গোলাম মর্তুজাকে বহিষ্কার করা হয়েছে। আর এত দিন মহাসচিব পদে থাকা তাঁকে (আলমগীর মজুমদার) ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়েছে।
বিএনপির চেয়ারপারসনের প্রতি আলমগীর মজুমদারের পাঁচ দফা দাবি হলো: ধর্মভিত্তিক রাজনীতির বিষয়ে ও ভারতের সঙ্গে অমীমাংসিত বিষয়গুলোর ব্যাপারে বিএনপির পরিষ্কার অবস্থান থাকতে হবে, পানি সমস্যা সমাধানে ভারতের ওপর অব্যাহত চাপ প্রয়োগ করতে হবে, ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে কোনো লুকোচুরি করা যাবে না এবং জোটের সিদ্ধান্ত গ্রহণে গণতন্ত্রের চর্চা ও জনসম্পৃক্ত কর্মসূচি দিতে হবে। তিনি বলেন, তিন দিনের মধ্যে এসব বিষয়ে সিদ্ধান্ত না হলে তাঁরা জোট ছেড়ে যেতে বাধ্য হবেন।