খালেদাকে 'বেয়াদব' ও 'অসভ্য' বললেন সেলিম

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ শনিবার বেলা সাড়ে তিনটার দিকে ঢাকা মহানগর আওয়ামী লীগের আলোচনা সভা শুরু হয়েছে। কোরআন তিলাওয়াত ও অন্যান্য ধর্মগ্রন্থের নির্বাচিত অংশ পাঠের মধ্য দিয়ে এ আলোচনা সভা শুরু হয়।
আলোচনা সভায় ১৫ আগস্ট জন্মদিন পালন করায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘বেয়াদব’ ও ‘অসভ্য’ বলে অভিহিত করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। তিনি বলেন, ‘তাঁর যদি বিবেক থাকত, তাহলে ১৫ আগস্ট জন্মদিন পালন করতেন না।’
তারেক রহমানকে ‘কুলাঙ্গার’ আখ্যায়িত করে শেখ সেলিম বলেন, ‘সে বঙ্গবন্ধু নিয়ে কথা বলে। ওতো বঙ্গবন্ধুর চুলেরও সমতুল্য না।’ সাহস থাকলে দেশে ফিরে আইনের মুখোমুখি হতে তারেক রহমানের প্রতি চ্যালেঞ্জ ছুড়েছেন তিনি।
এর আগে বক্তব্য দেন সাহারা খাতুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক প্রমুখ।
আলোচনা সভায় সভাপতিত্ব করেছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ। সভামঞ্চে উপস্থিত রয়েছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।
আলোচনা সভায় ঢাকার বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে বিপুলসংখ্যক নেতা-কর্মী সোহ্রাওয়ার্দী উদ্যানে সমবেত হয়েছেন।