খালেদাকে 'সন্ত্রাসের মা' উপাধি দেওয়া উচিত

>
- খালেদাকে ‘মাদার অব থিফ’ উপাধি দেওয়া উচিত
- প্রধানমন্ত্রীকে উপাধি দিয়েছে বিশ্ব গণমাধ্যম
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘মাদার অব ডেমোক্রেসি’ উপাধি না দিয়ে বরং ‘মাদার অব টেরর’ এবং ‘মাদার অব থিফ’ উপাধি দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।
আজ রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক গোলটেবিল আলোচনার প্রধান অতিথির বক্তব্যে হাছান মাহমুদ এ মন্তব্য করেন। বাংলাদেশ স্বাধীনতা পরিষদ নামের একটি সংগঠন ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভাটির আয়োজন করে।
হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়ার পরিবার রাজনীতিতে যে দুর্গন্ধ ছড়িয়েছেন, তাঁকে ‘মাদার অব ডেমোক্রেসি’ উপাধি দিয়ে তা রোধ করা সম্ভব নয়। খালেদা জিয়ার গণতন্ত্রের নমুনা হচ্ছে ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির ভোটারবিহীন নির্বাচন। এ নির্বাচনের মাধ্যমে খালেদা জিয়া বঙ্গবন্ধুর খুনিদের সংসদে বিরোধী দলের নেতা বানিয়েছিলেন। খালেদা জিয়া ২০১৩, ২০১৪ এবং ২০১৫ সালে রাজনীতির নামে জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যা করেছেন। ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যম খালেদা জিয়াকে ‘মাদার অব টেরর’ উপাধিও দিয়েছে।
সাবেক মন্ত্রী হাছান মাহমুদ বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়াকে ‘মাদার অব ডেমোক্রেসি’ আখ্যা দিয়ে জাতির সঙ্গে ‘মশকরা’ করেছেন। তিনি বলেন, দুর্নীতিবাজ নেত্রীকে নাম দেওয়া হলো ‘মাদার অব ডেমোক্রেসি’। তাঁর নাম ‘মাদার অব থিফ’ হওয়া উচিত। তাঁর দুই ছেলে দুর্নীতির দায়ে অভিযুক্ত এবং তাঁদের দুর্নীতি বিদেশেও প্রমাণিত।
‘মাদার অব হিউম্যানিটি’ উপাধি প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আওয়ামী লীগের কেউ উপাধি দেয়নি। এমনকি আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও কোনো উপাধি দেননি। বিশ্ব গণমাধ্যম, জাতিসংঘ এবং পৃথিবীর অন্যান্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিভিন্ন উপাধি দিয়ে পুরস্কৃত করেছে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন লায়ন চিত্ত রঞ্জন দাস। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক, তাঁতী লীগের সভাপতি সাধনা দাস গুপ্তা, জিন্নাত আলী খান প্রমুখ আলোচনা সভায় উপস্থিত ছিলেন।