খালেদাকে 'সম্রাজ্ঞী'র ক্ষমতা দেওয়া হয়েছে: হাছান মাহমুদ
বিএনপির কাউন্সিল অধিবেশনে দলটির চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘সম্রাজ্ঞী’র ক্ষমতা দেওয়া হয়েছে বলে মন্তব্য করছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ। তিনি বলেছেন, ‘ক্ষমতার মসনদে বসার জন্য যে দল জনগণকে শত্রু বানায়, সে দলকে দিয়ে আর যাই হোক দেশের কোনো উন্নয়ন সম্ভব নয়।’
প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত এক আলোচনা সভায় হাছান মাহমুদ এসব কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, ‘এত দিন খালেদা জিয়া চাইলে কমিটি ভেঙে দিতে পারতেন। আর এ সম্মেলনের মধ্য দিয়ে তাঁকে চাইলেই কমিটি গঠন করারও ক্ষমতা দেওয়া হয়েছে। অর্থাৎ খালেদা জিয়াকে এখন সম্রাজ্ঞীর মতো ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে।’
প্রথম দফার ইউপি নির্বাচন নিয়ে হাছান মাহমুদ বলেন, অতীতের যে কোনো স্থানীয় নির্বাচনের চেয়ে বর্তমানে দেশের স্থানীয় নির্বাচন আরও বেশি সুষ্ঠু হচ্ছে। এমনকি পার্শ্ববর্তী পশ্চিমবঙ্গের চেয়েও বর্তমানে আমাদের দেশের স্থানীয় নির্বাচন স্বচ্ছ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে।