খালেদার অসুস্থতা নিয়ে মশকরা করছে আ.লীগ: রিজভী

বিএনপি নেতা রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা নিয়ে আওয়ামী নেতারা উপহাস, তাচ্ছিল্য ও মশকরা শুরু করেছেন।
আজ সোমবার দুপুর পৌনে ১২টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা বলেন।
সরকারের উদ্দেশে রুহুল কবির রিজভী বলেন, ‘যারা গণতন্ত্রবিনাশী মানবাধিকার পরিপন্থী, নাগরিক স্বাধীনতা হরণকারী, অগণতান্ত্রিক রাজনৈতিক দল, তাদের রাজনৈতিক মতের বিরুদ্ধের মানুষের মর্যাদা ও জীবনের কোনো দাম নেই। খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা নিয়ে সরকার নিশ্চুপ-নির্বাক থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে দিয়ে ঠাট্টা–তামাশা করাচ্ছে। এটা নিষ্ঠুর উপহাস। সহজাত বিচারবুদ্ধি হারিয়ে আওয়ামী লীগ নেতারা ক্ষমতায় মোহগ্রস্ত। দেশের জনপ্রিয় নেত্রীকে বিনা চিকিৎসায় বন্দী রেখে দুরভিসন্ধিমূলক পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে কি না, সে প্রশ্নে দেশবাসী উত্তাল।’
রিজভী বলেন, ‘দেশনেত্রীর চিকিৎসা নিয়ে সরকারের যে টালবাহানা ও ষড়যন্ত্রের কথা আমরা বলে আসছি, তা গতকাল ওবায়দুল কাদের সাহেবের কথায় আবারও স্পষ্ট হলো। আমি আবারও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং তাঁর পছন্দ অনুযায়ী ইউনাইটেড হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করার জন্য জোর দাবি জানাচ্ছি।’