খালেদার অসুস্থতায় সন্দেহে বিএনপি, আশ্বাস আ.লীগের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খালেদা জিয়া
খালেদা জিয়া
>
  • খালেদা জিয়ার ‘অসুস্থতা’।
  • আ.লীগ বলছে, চিকিৎসকেরা পরামর্শ দিলে খালেদাকে বিদেশে পাঠানো হবে।
  • আর বিএনপির দাবি, ব্যক্তিগত চিকিৎসকদের দিয়ে স্বাস্থ্য পরীক্ষার।

হঠাৎ করে খালেদা জিয়ার অসুস্থতার খবর, দলের মহাসচিবের সাক্ষাৎ স্থগিত করে তাঁর শারীরিক অবস্থা দেখতে সিভিল সার্জনকে কারাগারে পাঠানোর ঘটনায় উদ্বিগ্ন বিএনপি। দলটি বিষয়টিকে স্বাভাবিকভাবে নিতে পারছে না।

বিএনপির নেতারা বলছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা আসলে কী, তা বিএনপির কাছে এখনো পরিষ্কার নয়। বাতাসে ভেসে আসা নানা কথাবার্তায় তাঁদের সন্দেহ হচ্ছে। অতি দ্রুত ব্যক্তিগত চিকিৎসকদের দিয়ে কারাগারে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা এবং তাঁকে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে সরকারের প্রতি দাবি জানিয়েছে বিএনপি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রয়োজন অনুযায়ী খালেদা জিয়ার সুচিকিৎসার ব্যবস্থা করা হবে। চিকিৎসকেরা পরামর্শ দিলে তাঁকে বিদেশে পাঠানো হবে।

তিন দিন ধরে গুঞ্জন ছড়ায়, কারাবন্দী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থ। শারীরিক অবস্থা এমন পর্যায়ে যে তাঁকে কারাগার থেকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার শুনানির দিন গত বুধবার বিচারিক আদালতে হাজির করা যায়নি। পরদিন খালেদা জিয়ার সঙ্গে কারাগারে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎ স্থগিত করা হয়। এরপর কথা ছড়ায়, খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হতে পারে।

বিএনপির নেতারা বলছেন, বাতাসে ভেসে আসা এসব কথাবার্তায় তাঁদের সন্দেহ হচ্ছে। কারণ, খালেদা জিয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়া বা ফখরুলের সাক্ষাৎ স্থগিত করার বিষয়ে কারা কর্তৃপক্ষও আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি। খালেদা জিয়ার কয়েকজন ব্যক্তিগত চিকিৎসক তাঁর সঙ্গে সাক্ষাৎ চেয়ে কারা কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন। কিন্তু এখন পর্যন্ত কারা কর্তৃপক্ষ অনুমতি দেয়নি।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান গত রাতে প্রথম আলোকে বলেন, কারাবিধি অনুযায়ী ব্যক্তিগত চিকিৎসক দিয়ে স্বাস্থ্য পরীক্ষার সুযোগ নেই। তিনি বলেন, কারা চিকিৎসক যদি প্রয়োজন মনে করেন, খালেদা জিয়াকে কোনো হাসপাতালে ভর্তি করাতে হবে, সেটা করা হবে। তবে কারা চিকিৎসক বলেছেন, খালেদা জিয়া সুস্থ আছেন। তাঁর হাঁটুর সমস্যা দেখাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসক নেওয়া হবে।

বিএনপির মহাসচিব গতকাল শুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করে বলেন, ‘অন্যান্য স্বৈরাচার যেভাবে প্রতিপক্ষকে অপসারণ করার চেষ্টা করেন, সেই ধরনের অপসারণ করার চেষ্টা এখানে হতে পারে বলে আশঙ্কা করি।’

মহাসচিবের ‘অপসারণ’ শব্দের ব্যাখ্যা করে দলের জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দেওয়া, জামিন না দিয়ে তাঁকে জেলে রাখা, বিএনপিকে বাইরে রেখে নির্বাচনের চেষ্টা-এসব তো খালেদা জিয়া ও বিএনপিকে রাজনীতি থেকে অপসারণেরই অংশ।
এদিকে কারাগারের দায়িত্বশীল একটি সূত্র প্রথম আলোকে জানায়, খালেদা জিয়ার শারীরিক অবস্থা দেখার জন্য সরকার সিভিল সার্জনকে বৃহস্পতিবার পাঠিয়েছিল। সিভিল সার্জন কোনো বিশেষজ্ঞ চিকিৎসক দেখানোর পরামর্শ দেননি। তিনি কারা কর্তৃপক্ষকে বলেছেন, খালেদা জিয়ার আগের যেসব সমস্যা ছিল, সেগুলো আছে। নতুন করে কোনো সমস্যা তৈরি হয়নি।

কারা চিকিৎসক মাহমুদুল হাসান গত রাতে বিবিসি বাংলাকে বলেছেন, ‘উনি (খালেদা জিয়া) ভালো আছেন। ওনার ব্লাড প্রেশার স্বাভাবিক আছে। ব্লাড সুগার স্বাভাবিক আছে। ওনার হাঁটুতে সমস্যা ছিল, যে কারণে হাঁটতে কষ্ট হয়। এই সমস্যা আগে থেকেই ছিল। এটা ছাড়া আর কোনো সমস্যা নাই।’
বিএনপি-সমর্থক চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) মহাসচিব এ জেড এম জাহিদ হোসেন প্রথম আলোতে বলেন, সরকার বলছে খালেদা জিয়া অসুস্থ, আদালতে ফাইল উত্থাপন করা হচ্ছে। আবার কারা চিকিৎসক বলছেন, তিনি অসুস্থ নন। এটা নিয়ে ধূম্রজালের সৃষ্টি হয়েছে।

চিকিৎসকেরা পরামর্শ দিলে বিদেশে পাঠানো হবে
গতকাল আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভা শেষে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, ‘বেগম জিয়া অসুস্থ, এ কথা বিএনপির মহাসচিব জোর গলায় বলছেন। এটা যদি সত্যি হয়ে থাকে, তাহলে তাঁর যে ধরনের অসুস্থতা, সে অনুযায়ী সুচিকিৎসার ব্যবস্থা করা হবে।’ তিনি বলেন, সরকার অমানবিক নয়। এ দেশে সুচিকিৎসার ব্যবস্থা আছে। নিয়ম অনুযায়ী খালেদা জিয়ার চিকিৎসার ব্যবস্থা করা হবে। বিদেশে পাঠানোর ব্যাপারে বলেন, চিকিৎসকেরা পরামর্শ দিলে বিদেশে পাঠানো হবে।

নিকটাত্মীয়দের সাক্ষাৎ
গতকাল বিকেলে কারাগারে খালেদা জিয়াকে দেখতে গেছেন কয়েকজন নিকটাত্মীয়। তাঁদের মধ্যে ছিলেন খালেদা জিয়ার বোন সেলিনা ইসলাম, ভাই শামীম এস্কান্দার, শামীমের স্ত্রী, খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান ও তাঁর মেয়ে। তবে তাঁরা কেউ গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি।

বিএনপির মহাসচিবের সংবাদ সম্মেলন
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল গতকাল সকালে দলের স্থায়ী কমিটির চারজন সদস্যকে নিয়ে জরুরি সংবাদ সম্মেলন করে বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে বিএনপি উদ্বিগ্ন ও উৎকণ্ঠিত। অবিলম্বে ব্যক্তিগত চিকিৎসকদের তাঁর স্বাস্থ্য পরীক্ষার জন্য ব্যবস্থা করতে হবে এবং তাঁদের সুপারিশ অনুযায়ী পবরর্তী চিকিৎসার ব্যবস্থা করতে হবে। তিনি বলেন, এ জন্য সর্বোত্তম ব্যবস্থা হচ্ছে অবিলম্বে খালেদা জিয়ার প্রাপ্য জামিনে মুক্তি দিয়ে চিকিৎসার জন্য তাঁকে বাইরে পাঠানোর ব্যবস্থা করা। কারণ ইতিমধ্যে তিনি যে চিকিৎসাগুলো নিয়েছেন, সবই প্রায় বিদেশে করেছেন। সেটার ফলোআপ করাটা অত্যন্ত জরুরি।

মির্জা ফখরুল বলেন, আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে খালেদা জিয়া হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। দুর্ভাগ্যজনকভাবে সে জামিন কার্যকর করা হচ্ছে না। যেভাবেই হোক, তাঁকে কারারুদ্ধ করে রাখার জন্য প্রতিটি বিষয়কে বিলম্বিত করা হচ্ছে। কারামুক্তিকে বিলম্বিত করা হচ্ছে।

মুক্তি পেলে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে পাঠানো হবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা সুনির্দিষ্টভাবে বলেছি, আমরা এখন তাঁর নিঃশর্ত মুক্তি চাই, যাতে তাঁর উন্নত চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা দেশে হোক বিদেশে হোক, আমরা করতে পারি। যেহেতু খালেদা জিয়া এর আগে দেশের বাইরেও চিকিৎসা করিয়েছেন, সেহেতু মুক্তি পেলে তিনিই এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।’

বিএনপি খালেদা জিয়ার প্যারোলে মুক্তি চাইছে কি না, এ প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘আমরা প্যারোলে মুক্তির কথা বলিনি। আমরা বলেছি তাঁকে মুক্তি দিতে হবে। মুক্তি তাঁর প্রাপ্য। ওনার জামিন হয়ে গেছে ইতিমধ্যে। মুক্তি পেয়ে তিনি দেশে হোক, বিদেশে হোক চিকিৎসা নেবেন।’

এদিকে গতকাল বেলা সোয়া একটার দিকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক বিবৃতিতে বলেন, কিছু কিছু অনলাইন সংবাদমাধ্যম মহাসচিবের সংবাদ সম্মেলনের বক্তব্য বিকৃত করে প্রচার করছে। এতে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। তিনি বলেন, বিএনপির মহাসচিব স্পষ্ট ভাষায় বলেছেন, ‘কারাগারে অসুস্থ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং কারামুক্তির পর তিনি দেশে নাকি বিদেশে চিকিৎসা করাবেন, সে বিষয়ে তিনি নিজেই সিদ্ধান্ত নেবেন।’

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় রায়ে দণ্ডিত হয়ে গত ৮ ফেব্রুয়ারি থেকে খালেদা জিয়া নাজিমউদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে আছেন।

গণস্বাস্থ্যকেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী প্রথম আলোকে বলেন, খালেদা জিয়া অসুস্থ হতেই পারেন। তিনি যে ভবনে আছেন, সেই ভবন অব্যবহৃত ছিল। সেখানে বিভিন্ন প্রকার জীবাণু থাকা স্বাভাবিক। ওনার বয়সটাও একটা বিষয়। পরিবেশ, একাকিত্ব-এগুলো মানুষের প্রতিষেধক ক্ষমতা কমিয়ে দেয়। তিনি বলেন, ‘আমি মনে করি, চিকিৎসার জন্য বিদেশ যাওয়া নয়। উচিত হবে তাঁর জামিনটা দিয়ে শারীরিক পরীক্ষা করা। দেশের ভেতরেই চিকিৎসা করা উচিত। দেশের বাইরে যাওয়া বিএনপির জন্য বোকামির কাজ হবে।’