খালেদার ওপর হামলার বিষয়ে অবহিত নয় ব্রিটিশ পুলিশ
লন্ডনের রাস্তায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ওপর হামলার বিষয়ে অবহিত নয় বলে জানিয়েছে ব্রিটিশ পুলিশ। আজ বৃহস্পতিবার স্কটল্যান্ড ইয়ার্ডের এক কর্মকর্তা টেলিফোনে প্রথম আলোর লন্ডন প্রতিনিধিকে এ কথা বলেন।
লন্ডনে খালেদা জিয়ার ওপর হামলার একটি ভিডিওচিত্রের প্রকাশ নিয়ে ৪৮ ঘন্টা ধরে গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নানা জল্পনা-কল্পনা চলছে। খালেদা জিয়ার ওপর হামলার বিষয়ে প্রথম আলোর পক্ষ থেকে গতকাল বুধবার লন্ডন মেট্রোপলিটন পুলিশের বক্তব্য জানতে চাওয়া হয়। ওই অনুরোধের জবাবে আজ বৃহস্পতিবার ওই কর্মকর্তা এই প্রতিনিধিকে বলেন, ঘটনার স্থান এবং ঘটনা সম্পর্কে যে ব্যাখ্যা দেওয়া হয়েছে, ওই ধরনের ঘটনার বিষয়ে তাঁরা অবহিত নন। ওই কর্মকর্তা বলেন, তাঁরা সকল চ্যানেলে খবর নিয়ে দেখেছেন, ওই ধরনের কোনো ঘটনার বিষয়ে কেউ পুলিশকে রিপোর্ট করেনি।
বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিওচিত্র প্রকাশ করে দাবি করা হয় যে লন্ডনে খালেদা জিয়ার ওপর হামলা হয়েছে। কারা ওই ভিডিও চিত্র প্রকাশ করেছেন সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে হামলা হয়েছে দাবিকারী এক ব্যক্তি প্রথম আলোকে ভিডিওচিত্র সরবরাহ করে বলেন যে, ভিডিওচিত্রে যে সাদা গাড়ি দেখা যায় তা হামলাকারীদের। সাদা গাড়ির পিছনের দিকে ফুটপাতে খালেদা জিয়ার ওপর ডিম নিক্ষেপ করে তারা দ্রুত চলে যান।
ওই ব্যক্তি দাবি করেন, ভিডিওতে যাকে দৌঁড়ে সাদা গাড়ির সামনে আসতে দেখা যাচ্ছে তিনি তারেক রহমান এবং যিনি চলন্ত অবস্থায় গাড়ির দরজা ধরে টান দিয়েছেন তিনি যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর আহমদ। ডিপ নিক্ষেপ করে কেটে পড়ার সময় তাঁরা হামলাকারীদের আটকাতে চেয়েছিলেন। গত মঙ্গলবার সন্ধ্যা পাঁচটার দিকে লন্ডনের ডেভনশায়ার এলাকায় ওই হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি।
কোনো কোনো সংবাদ মাধ্যমে ঘটনার স্থান হার্লি স্ট্রিট বলে উল্লেখ করা হয়েছে। হার্লি স্ট্রিট এবং ডেভনশায়ার স্ট্রিট একটি আরেকটির সংযোগ সড়ক হলেও ভিডিওচিত্রে ধারণকৃত স্থানটি কোথায় তা নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। ওই ব্যক্তি আরো বলেন, হামলাকারীরা ৪-৫ জন ছিলেন এবং ৩০ সেকেন্ডেরও কম সময়ে খালেদা জিয়ার ওপর ডিম নিক্ষেপ করে তাঁরা সরে যান।
তবে খালেদা জিয়ার ওপর হামলা হয়েছে এমন দাবিকে শুরু থেকেই অস্বীকার করে আসছিলেন যুক্তরাজ্য বিএনপির নেতারা। যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর আহমদ প্রথম আলোকে বলেন, হামলার দাবি মিথ্যা। আওয়ামী লীগ ওই ঘটনা সাজিয়ে প্রচার চালাচ্ছে বলে তিনি মনে করেন। তাঁর দাবি, ঘটনার যে সময় উল্লেখ করা হয়েছে সে সময় খালেদা জিয়া তারেক রহমানের বাসায় ছিলেন।
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর ওপর কথিত হামলার বিষয়ে জানতে চাইলে যুক্তরাজ্যস্থ বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নাদিম কাদির প্রথম আলোকে বলেন, বিভিন্ন সংবাদ মাধ্যমে তাঁরা বিষয়টি জানতে পেরেছেন। তবে বিএনপি যেহেতু ঘটনাটি অস্বীকার করেছে তাই তাঁরা মনে করছেন, ঘটনা সত্য নয়। এ জন্য তাঁরা বিষয়টিতে আর কোনো খোঁজ খবর নেয়ার প্রয়োজনবোধ করেননি।