
হরতাল-অবরোধ প্রত্যাহার ও জ্বালাও-পোড়াও বন্ধের দাবিতে কাফনের কাপড় পরে আওয়ামী লীগ সমর্থিত শ্রমিক মালিক সমিতির ব্যানারে রাজধানীর গুলশান ২ নম্বর গোলচত্বরে অবস্থান নিয়েছেন শতাধিক মানুষ। তাঁরা নিজেদের সাধারণ চালক, চালকের সহযোগী বা গাড়ির মালিক বলে দাবি করেন। হরতাল অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত সেখানে অবস্থানের ঘোষণা দিয়েছেন তাঁরা। স্থানটি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে থেকে প্রায় আধা কিলোমিটার দূরে।
গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১২টায় এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত তাঁরা সেখানেই অবস্থান করছিলেন। জমায়েত ঘিরে পুলিশের অবস্থান ছিল। উৎসুক মানুষও ছিলেন অনেক। এর মধ্যে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের ২০-৩০ জন কর্মীকেও দেখা যায়। জানতে চাইলে পরিচয় এড়িয়ে বলেন, শ্রমিকদের অবরোধ দেখতে এসেছেন তাঁরা।
এর আগে গতকাল বেলা একটার দিকে কাফনের কাপড় পরে খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ের দক্ষিণ পাশে ১০০ গজ দূরে ৮৬ নম্বর সড়কের মাথায় অবস্থান নেয় শ্রমিক মালিক সমিতি। সন্ধ্যার দিকে সেখান থেকে চলে যায় তারা। পরে অবস্থান নেয় গুলশান ২ নম্বর গোলচত্বরে।
সমিতির আহ্বায়ক মুজিবুর রহমান প্রথম আলোকে বলেন, দিনের পর দিন হরতাল-অবরোধে নাশকতায় তাঁদের পরিবার-পরিজনকে হত্যা করা হচ্ছে। গাড়িতে পেট্রলবোমা মারা হচ্ছে। তাঁরা হরতাল-অবরোধের অবসান চান।
রাতে গুলশান ২ নম্বর গোলচত্বরে গিয়ে দেখা যায়, পুড়ে যাওয়া একটি গাড়ি রেখে এবং মোমবাতি জ্বালিয়ে স্লোগান দেওয়া হচ্ছে। একটি ট্রাকের ওপর তৈরি মঞ্চে বক্তব্য দিচ্ছিলেন উদ্যোক্তাদের একজন। তিনি বলেন, নিরীহ চালকেরা কাজ করে খেতে চায়, স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চায়।
হরতাল-অবরোধ আর জ্বালাও-পোড়াওয়ের কারণে তাঁদের জীবন ও পেশা হুমকির মুখে পড়েছে মন্তব্য করে কয়েকজন শ্রমিক বলেন, এ থেকে সবাই মুক্তি চায়।
ওই সময় কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিদের রাতের খাবার দেওয়া হচ্ছিল। খাবার নিয়ে শুরু হয় হুড়োহুড়ি। বাইরের মানুষজনও খাবার নিতে এগিয়ে যান। এ সময় মাইকে একজন বলেন, যারা রাতে থাকবে তাদেরই খাবার দেওয়া হবে। অন্যদের খাবার নিতে বারণ করেন তিনি।
এর কিছুক্ষণ পর শুরু হয় গান। কর্মসূচিতে অংশ নেওয়া একজন জানান, কর্মীদের চাঙা রাখতে গানের ব্যবস্থা রাখা হয়েছে।