খালেদার কার্যালয় নীরব, সংবাদকর্মীরা সরব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর গুলশানে বিএনপির কার্যালয়ের সামনে আজ সকালে ঝিরঝির বৃষ্টি উপেক্ষা করে সংবাদকর্মী ও উৎসুক মানুষের ভিড়। ছবি: আবদুস সালাম
রাজধানীর গুলশানে বিএনপির কার্যালয়ের সামনে আজ সকালে ঝিরঝির বৃষ্টি উপেক্ষা করে সংবাদকর্মী ও উৎসুক মানুষের ভিড়। ছবি: আবদুস সালাম

সাতসকালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের ভেতরে একধরনের নীরবতা লক্ষ্য করা গেছে। 
কার্যালয়ের সামনে নিরাপত্তাব্যবস্থা বিগত কয়েক দিনের মতো শিথিল। তবে এলাকাটি বিপুল সংখ্যক সংবাদকর্মীর উপস্থিতিতে সরব।
আজ বুধবার সকাল নয়টার দিকে গুলশান ২ নম্বরের ৮৬ নম্বর সড়কে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গিয়ে এসব দৃশ্য দেখা গেছে।
আজ জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিচারিক আদালতে শুনানির দিন ধার্য রয়েছে। এ দুটি মামলায় এর আগের তারিখে হাজির না হওয়ায় গত ২৫ ফেব্রুয়ারি খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকার বিশেষ জজ আদালত-৩।
খালেদা জিয়া আজ আদালতে যাবেন কি যাবেন না, তাঁকে গ্রেপ্তার করা হবে কি না—এ নিয়ে রাজনীতিবিদসহ সাধারণ মানুষের মধ্যে এক ধরনের কৌতূহল তৈরি হয়েছে। এ কারণেই আজ সবার চোখ আদালত ও গুলশান কার্যালয়ের দিকে।
সকাল নয়টার দিকে ৮৬ নম্বর সড়কে গিয়ে দেখা যায়, খালেদা জিয়ার কার্যালয়ের ভেতরে সুনসান নীরবতা। ভেতরে খালেদা জিয়ার ব্যক্তিগত নিরাপত্তাবাহিনীর (সিএসএফ) কয়েকজন সদস্যকে দেখা গেছে। তবে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কোনো কর্মকর্তাকে দেখা যায়নি। কার্যালয়ের মূল ফটকের সামনে সিএসএফের একটি গাড়ি আড়াআড়িভাবে রাখা হয়েছে।
কার্যালয়ের সামনে পুলিশের কয়েকজন কনস্টেবলকে খোশ-গল্প ও পায়চারী করে নিরস সময় কাটাতে দেখা গেছে।
কার্যালয়ের সামনের ৮৬ নম্বর সড়ক দিয়ে মানুষজন স্বাভাবিকভাবে চলাচল করছেন। তবে পথচারী ও আশপাশের মানুষের মধ্যে এই কার্যালয় ঘিরে একধরনের কৌতূহল রয়েছে। উৎসুক চোখে অনেকেই পরিস্থিত বোঝার চেষ্টা করছেন।
ভেতরে নিরবতা থাকলেও কার্যালয়ের সামনে রয়েছেন বিভিন্ন গণমাধ্যমের বিপুল সংখ্যক কর্মী। তাঁদের সক্রিয় উপস্থিতিতে এলাকাটি সরব।
সরকার পর্যাপ্ত নিরাপত্তাসহ নিজ কার্যালয়ে ফিরে যাওয়ার বিষয়টি নিশ্চিত করলে খালেদা জিয়া আজ আদালতে যেতে পারেন বলে জানিয়েছেন তাঁর আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।
এ বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ‘আমরা তাঁর নিরাপত্তার ব্যবস্থা করছি।’ খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হবে কি না, জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, তিনি আদালতে আত্মসমর্পণ করবেন। আদালত তাঁকে জেলেও পাঠাতে পারেন, আবার জামিনও দিতে পারেন।
খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় আজ তাঁকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হতে পারে, এমন আশঙ্কায় কয়েক দিন ধরে উদ্বেগের মধ্যে আছেন বিএনপির নেতারা। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রগুলো বলছে, খালেদা জিয়াকে গ্রেপ্তারের ব্যাপারে সরকারের উচ্চপর্যায় থেকে তারা কোনো সবুজ সংকেত পায়নি। নাম প্রকাশ না করে পুলিশের একজন পদস্থ কর্মকর্তা প্রথম আলোকে বলেন, গতকাল রাত পর্যন্ত খালেদা জিয়ার বাসায় তল্লাশি বা তাঁকে গ্রেপ্তারের ব্যাপারে কোনো নির্দেশনা আসেনি। এ ব্যাপারে পুলিশের কোনো প্রস্তুতিও নেই।
নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খানের মিছিলে ককটেল হামলার মামলায় খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে তল্লাশির জন্য আদালত থেকে পুলিশ অনুমতি পেলেও কবে-কখন তল্লাশি করা হবে, সেটাও কর্মকর্তারা নিশ্চিত করছেন না।
এ অবস্থায় খালেদা জিয়া আজ আদালতে যাবেন কি না, এ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। গতকাল এ বিষয়ে জানতে চাইলে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, পর্যাপ্ত নিরাপত্তা এবং জামিন পেয়ে আবার নিজ কার্যালয়ে ফিরে যাওয়ার নিশ্চয়তা পেলে খালেদা জিয়া আদালতে হাজির হতে পারেন।
খালেদা জিয়া দুই মাস ধরে তাঁর কার্যালয়ে অবস্থান করছেন। বিএনপির দাবি, তাঁকে ‘অবরুদ্ধ’ করে রাখা হয়েছে। শুরুতে নেতা-কর্মীদের ওই বাড়িতে ঢুকতে দেওয়া হলেও ২ ফেব্রুয়ারি থেকে সেখানে প্রবেশে কড়াকড়ি আরোপ করেছে পুলিশ। গ্রেপ্তারের ভয়ে এখন আর নেতা-কর্মীরা সেখানে যাচ্ছেন না।
খালেদা জিয়ার গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত চেয়ে গতকাল হাইকোর্টে সম্পূরক আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন তাঁর আরেক আইনজীবী ও বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন। তিনি সাংবাদিকদের বলেন, জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট মামলায় ১৫ জানুয়ারি বিচারকের প্রতি অনাস্থা জানিয়েছেন খালেদা জিয়া। আদালত পরিবর্তনের জন্য তাঁর পক্ষে হাইকোর্টে ২৮ জানুয়ারি দুটি আবেদন করা হয়। গত সোমবার হাইকোর্টে তা উপস্থাপন করা হয়। ৫ মার্চ শুনানির জন্য তালিকায় আসবে।

আরও জানতে পড়ুন
আদালতে যেতে দুই শর্ত