খালেদার কার্যালয়ে আগুন দেওয়ার হুমকি সোহাগের
আগামীকাল শুক্রবার শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় কোনো পরীক্ষার্থীর ওপর হামলা হলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে আগুন দেওয়া হবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ। গত ৪ জানুয়ারি থেকে খালেদা জিয়া গুলশান কার্যালয়ে অবস্থান করছেন।
আজ বৃহস্পতিবার বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধে নাশকতার প্রতিবাদে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত প্রতিবাদ সমাবেশে বদিউজ্জামান এ হুমকি দেন। পরে তাঁর বক্তব্য লিখিত আকারে গণমাধ্যমে পাঠান ছাত্রলীগের দপ্তর সম্পাদক শেখ রাসেল।
এইচ এম বদিউজ্জামান বলেন, ‘আগামীকালের শুরু হওয়া এসএসসি পরীক্ষায় যদি কোনো পরীক্ষার্থীর ওপর হামলা চালানো হয় বা কোনো বাধার সৃষ্টির করা হলে ছাত্রলীগের প্রতিটি নেতা-কর্মী এ দেশের ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে খালেদা জিয়ার ওই গুলশানের কার্যালয়ে আগুন দিবে।’ খালেদা জিয়ার ‘পড়াশোনার েযাগ্যতা’ নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘খালেদা জিয়ার পক্ষে একজন শিক্ষার্থীর জীবনে এসএসসি পরীক্ষার গুরুত্ব অনুধাবন করা সম্ভব নয়।’ তিনি ছাত্রলীগের প্রতিটি ইউনিটের নেতা-কর্মীদের পরীক্ষা কেন্দ্র পাহারা দেওয়ার নির্দেশ দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান মোল্লার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ওমর শরীফের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবকটি হলের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা।