খালেদার কার্যালয়ে আবার তালা, শমসের আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গতকাল বৃহস্পতিবার ষষ্ঠ দিনের মতো গুলশানে নিজ কার্যালয়ে অবরুদ্ধ ছিলেন। গতকাল গুলশানের ওই কার্যালয়ের প্রধান ফটকের তালা গোপনে খুলে নেওয়ার পর রাতে আবার লাগিয়ে দেওয়া হয়। অবশ্য তালা খোলা এবং লাগানোর কোনোটিই পুলিশের কেউ স্বীকার করেনি।
গত বুধবার রাতে খালেদা জিয়ার সঙ্গে টেলিফোনে কথা বলেন ভারতে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সভাপতি অমিত শাহ। এদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীকে গতকাল রাতে তাঁর মহাখালীর বাসা থেকে আটক করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী একাধিক সূত্র জানায়, গতকাল দুপুরের আগে কোনো এক সময় তালা খোলার পর বিকেল সাড়ে চারটার দিকে আবার আটকে দেওয়া হয়। সন্ধ্যার পর তা আবার খুলে দেওয়া হয়। এরপর রাত ১১টার দিকে শেষ দফায় আবার তালা লাগানো হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
রাতে যোগাযোগ করা হলে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, পুলিশের কেউ খালেদা জিয়ার কার্যালয়ে তালা লাগায়নি।
ওই কার্যালয়ের প্রধান ফটকের দিকে পেছন ফিরে দাঁড়িয়ে নারী পুলিশ সদস্যরা কয়েক দিন ধরে দায়িত্ব পালন করছেন। এ কারণে বাইরে থেকে ওই ফটকের তালা দেখার সুযোগ ছিল না।
অমিত শাহের ফোন: খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান গতকাল জানান, পুলিশের ছোড়া পেপার স্প্রের প্রতিক্রিয়ায় অসুস্থ হয়ে পড়া খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিতে অমিত শাহ বুধবার রাত সাড়ে ১০টায় টেলিফোন করেন। গত রাতে অবরুদ্ধ ওই কার্যালয়ে কয়েকজন সাংবাদিকের উপস্থিতিতে সংবাদ ব্রিফিংয়ে প্রেস সচিব বলেন, বিজেপির প্রধান বিএনপির চেয়ারপারসনের আশু সুস্থতা কামনা করেন।
মারুফ কামাল খান বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ভারতের জনতা পার্টির প্রধানকে টেলিফোন করে তাঁর খোঁজখবর নেওয়ার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, দেশ-বিদেশের আরও অনেকে টেলিফোন করে খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং এভাবে পুলিশের পেপার স্প্রে নিক্ষেপে উদ্বেগ প্রকাশ করেন।
প্রেস সচিব জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।
সংবাদ ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল কাইয়ুম, বিশেষ প্রতিনিধি শামসুর রহমান শিমুল বিশ্বাস, মাহবুব আল আমীন, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, বিলকিস জাহান শিরিন, বিলকিস ইসলাম, চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান, শামসুদ্দিন দিদার প্রমুখ উপস্থিত ছিলেন।
আগের মতোই কড়াকড়ি: গতকাল গুলশান-২-এর ৮৬ নম্বর সড়কে গিয়ে দেখা যায়, এই কার্যালয়ে ঢোকার ক্ষেত্রে আগের মতোই কড়াকড়ি আরোপ রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পাহারাও আগের মতো বহাল। কার্যালয়ের একপাশে একটি জলকামান, আরেক পাশে দুটি প্রিজন ভ্যান আড়াআড়ি করে রাখা। ফটকের দুপাশে ও কার্যালয়ের সামনে ৮৬ নম্বর সড়কের দুই মুখে পুরুষ পুলিশ সদস্যদের রাস্তা আটকে দায়িত্ব পালন করতে দেখা গেছে। এর মধ্যেই বিশিষ্টজনেরা সেখানে গিয়ে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন। স্বজনেরা তাঁকে খাবার সরবরাহ করেছেন।
রাত নয়টার দিকে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি শওকত মাহমুদের নেতৃত্বে সাংবাদিকদের একটি প্রতিনিধিদল খালেদা জিয়ার সঙ্গে দেখা করে।
এর আগে বিকেলে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) ছয় সদস্যের একটি প্রতিনিধিদল খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যায়। তাঁদের মধ্যে চলচ্চিত্রকার গাজী মাজহারুল আনোয়ার, আমজাদ হোসেন ও অভিনেতা আশরাফউজ্জামান উজ্জলকে পুলিশ ভেতরে ঢুকতে দেয়।
ফিরে এসে গাজী মাজহারুল আনোয়ার সাংবাদিকদের বলেন, অসুস্থতা কাটিয়ে উঠতে খালেদা জিয়া দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। পাশাপাশি গণতন্ত্র ‘পুনরুদ্ধারের’ এই সংগ্রামে বাংলাদেশের জনগণ বিএনপির পাশে থাকবে বলেও আশা প্রকাশ করেছেন।
দুপুর সাড়ে ১২টার দিকে জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী নুরে আরা সাফার নেতৃত্বে সংগঠনের ১২-১৩ জনের একটি দল রিকশাভ্যানে করে খালেদা জিয়া ও অন্যদের জন্য মাছ, মোরগ, কাঁচাবাজার, ফলমূল নিয়ে আসে। তবে পুলিশি বাধায় তাঁরা তা দিতে পারেননি। কার্যালয়ের প্রধান ফটক থেকে ২০-২৫ গজ দূরে রিকশাভ্যানসহ তাঁদের থামিয়ে দেয় পুলিশ। পরে নুরে আরা সাফা ও ঢাকা মহানগর মহিলা দলের সভানেত্রী সুলতানা আহমেদ খালি হাতে কার্যালয়ে যান। তাঁরা সেখানে ১৫ মিনিট অবস্থান করেন।
বেরিয়ে এসে সুলতানা আহমেদ সাংবাদিকদের বলেন, ‘নেত্রী অসুস্থ। ভেতরে সবাই যন্ত্রণায় কাতর। খাবার, ফলমূল, ওষুধ নিয়ে এসেছিলাম। কিন্তু পুলিশ তা নিতে দেয়নি। এখন তাঁদের ভাতেও মারা হচ্ছে, পানিতেও মারা হচ্ছে।’ খালেদা জিয়ার সঙ্গে দেখা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, দেখা করাটা মূল বিষয় নয়, তিনি অসুস্থ এটাই বড় কথা। তাঁর নির্দেশনাই আসল।
নয়াপল্টনেও তালা: নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের প্রধান ফটকে গতকালও তালা ছিল। সেখানে গিয়ে দেখা যায়, কলাপসিবল গেটের ভেতরের দিকে তালা ঝুলছে। মেঝেতে কয়েক দিনের পত্রিকা স্তূপ আকারে পড়ে আছে।
নয়াপল্টনের কার্যালয়ের তালা খোলা হবে কি না, জানতে চাইলে পুলিশের সহকারী কমিশনার নাজমুন নাহার বলেন, তালা তো পুলিশ মারেনি। যারা মেরেছে তারাই খুলবে।
শমসের মবিন আটক: বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীকে গতকাল রাত সাড়ে ১১টার দিকে মহাখালীর ডিওএইচএসের বাসা থেকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাঁকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।