খালেদার কার্যালয়ে ড. কামাল

আরাফাত রহমান কোকোর মৃত্যুতে শোকাহত খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। আজ শুক্রবার সন্ধ্যা সাতটায় তিনি বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে যান।
সাক্ষাতের সময় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ও গণফোরামের অন্য নেতারাও উপস্থিত ছিলেন। তাঁরা প্রায় ২০ মিনিট কথা বলেন।
কার্যালয় থেকে বের হয়ে ড. কামাল সাংবাদিকদের বলেন, ‘আমরা বিএনপির চেয়ারপারসনকে শোক জানাতে এসেছি। তিনি পুত্র হারিয়েছেন। তাঁকে সমবেদনা জানাতেই আমাদের এখানে আসা। ’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. কামাল হোসেন বলেন, ‘দেশে সুস্থ গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক, আমরা সকলে মিলে সেই চেষ্টা করে যাচ্ছি। আমার দল গণফোরাম, মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্যসহ অনেকে এই প্রক্রিয়ার সঙ্গে কাজ করছেন। ’
এই বিষয়ে কোনো আলাপ হয়েছে কি না? জানতে চাইলে তিনি বলেন, ‘এখানে রাজনৈতিক কোনো বিষয়ে আলাপ হয়নি। তিনি (খালেদা জিয়া) শোকাহত, আমরা মূলত তাঁকে সহমর্মিতা জানাতে এসেছি। শোক জানানো ছাড়া আমাদের মধ্যে কোনো রাজনৈতিক আলাপ হয়নি। ’
গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, সভাপতিমণ্ডলীর সদস্য সুব্রত চৌধুরী, জগলুল হায়দার, যুগ্ম সাধারণ সম্পাদক আ ও ম শফিকুল্লাহ, আওয়ামী লীগের সাবেক সাংসদ ও ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর এ সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন।
এর আগে ড. কামাল হোসেনসহ অন্য নেতারা নিচতলায় প্রয়াত আরাফাত রহমান কোকোর জন্য রাখা শোক বইতে স্বাক্ষর করেন।