খালেদার কার্যালয়ের বিদ্যুৎ ও পানির লাইন কাটার হুমকি নৌমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতাল-অবরোধ প্রত্যাহার না করলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের বিদ্যুৎ ও পানির লাইন কেটে দেওয়ার হুমকি দিয়েছেন নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান। তিনি বলেছেন, অবরুদ্ধ কার্যালয়ে খালেদা না খেয়ে মরে পড়ে থাকবেন।
গতকাল শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের সমাবেশে সংগঠনের আহ্বায়ক ও শ্রমিক নেতা শাজাহান খান এ হুমকি দেন। ২০ জানুয়ারি এই সংগঠনটি গড়ে তোলা হয়।
শাজাহান খান বলেন, অবরোধ প্রত্যাহার না হলে খালেদা জিয়ার কার্যালয় পোড়া গাড়ি দিয়ে ঘেরাও করা হবে। বাইরে থেকে খালেদার জন্য যে খাবার নেওয়া হয়, তা নিতে দেওয়া হবে না। ওই কার্যালয় এমনভাবে অবরুদ্ধ করা হবে যে খালেদা জিয়া না খেয়ে মরে পড়ে থাকবেন। নৌমন্ত্রী এসএসসি পরীক্ষার আগেই অবরোধ প্রত্যাহার করার আহ্বান জানান।
সমাবেশ থেকে সংগঠনের নেতা-কর্মী ও সাধারণ মানুষের কাছে ১০টি আহ্বান জানানো হয়। এর মধ্যে আছে: এসএসসি পরীক্ষা নির্বিঘ্ন করতে সতর্ক থাকা, পরীক্ষার কেন্দ্রগুলোতে পাহারা দেওয়া, বোমাবাজদের ধরিয়ে দেওয়া, পুলিশ-র্যা ব ও প্রশাসনকে সহযোগিতা করা, যানবাহনে অগ্নিনির্বাপণের ব্যবস্থা রাখা।
সমাবেশ থেকে অবরোধ-হরতালের বিরুদ্ধে কর্মসূচিও ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে আছে: ৩ ফেব্রুয়ারি প্রতিটি জেলার শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ, ৫ ফেব্রুয়ারি বেলা পৌনে একটা থেকে সোয়া একটার মধ্যে ১৫ মিনিট রাস্তায় থেকে অবরোধ ও হরতালের বিরুদ্ধে প্রতিবাদ করা, ওই সময়ের মধ্যে দোকানের মালিক ও শ্রমিকদের ৫ মিনিট বাঁশি বাজিয়ে এবং কৃষকদের নিজ নিজ জমিতে দাঁড়িয়ে প্রতিবাদ জানানো। এ ছাড়া ৭ ফেব্রুয়ারি সংগঠনের জাতীয় কনভেনশন অনুষ্ঠান এবং ওই দিন পরবর্তী কর্মসূচি ঘোষণা করা।
বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা মিছিল নিয়ে সমাবেশে অংশ নেন। সমাবেশে নারী নেত্রী ও সাংসদ শিরীন আখতার বলেন, যতক্ষণ দেশে জঙ্গি ও সন্ত্রাসী থাকবে, তত দিন তাদের আন্দোলন চলবে। মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সহসভাপতি ইসমত কাদির গামা বলেন, খালেদা জিয়ার কংগ্রেসম্যানদের চিঠি, বিজেপি সভাপতির সঙ্গে ফোনালাপ ও ইনজেকশন নিয়ে ঘুমিয়ে থাকার মতো নাটকের সবগুলোই ফ্লপ করেছে।
অন্যদের মধ্যে বক্তব্য দেন শ্রমিকনেতা বদরুদ্দোজা নিজাম, সোনালী ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশনের সভাপতি কামাল উদ্দিন, জাতীয় গার্মেন্টস শ্রমিক-কর্মচারী লীগের সভাপতি সিরাজুল ইসলাম, রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের নেতা জসিম উদ্দিন প্রমুখ।