খালেদার কার্যালয়ে রাতে কেক নিয়ে যাবে ছাত্রদল
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আজ শনিবার রাতে তাঁর গুলশান কার্যালয়ে ৭০ পাউন্ড ওজনের কেক নিয়ে যাবে ছাত্রদল। খালেদা জিয়া ছাত্রদলের উদ্যাপনে অংশ নেবেন বলে সংগঠনটির দপ্তর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারি প্রথম আলোকে জানিয়েছেন।
অন্যান্য বার ১৪ আগস্ট দিবাগত রাত ১২টা ১ মিনিটে নেতা-কর্মীদের নিয়ে জন্মদিনের কেক কাটতেন খালেদা জিয়া। এবার ১৫ আগস্টের প্রথম ক্ষণে তিনি কেক কাটেননি। সাধারণত প্রতিবার ১৫ আগস্ট সকালে নয়াপল্টনে কেক কেটে আলাদা আলাদাভাবে খালেদা জিয়ার জন্মদিন পালন করে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন। তবে এবার তা-ও হয়নি। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দুপুর পর্যন্ত এ ধরনের কোনো আয়োজন দেখা যায়নি।
জানতে চাইলে ছাত্রদলের দপ্তর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারি প্রথম আলোকে বলেন, ছাত্রদল আজ রাত আটটায় বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে খালেদা জিয়ার জন্মদিন উদ্যাপনের আয়োজন করবে। বিএনপির চেয়ারপারসন এতে অংশ নেবেন।
১৯৯১ সালে বিএনপির সরকার গঠনের পর ১৯৯৩ সাল থেকে ১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন পালনের রেওয়াজ চালু হয়। তবে তা ছিল ঘরোয়াভাবে, অনাড়ম্বরভাবে। বিএনপি ক্ষমতা হারিয়ে বিরোধী দলে যাওয়ার পর ১৯৯৬ সাল থেকে এ দিনটিতে কেক কেটে জন্মদিন পালন শুরু হয়। ১৯৯৬ সালের ১৫ আগস্ট তৎকালীন বিরোধীদলীয় নেত্রীয় মিন্টুরোডের সরকারি বাসভবনে খালেদা জিয়া প্রথমবারের মতো নেতা-কর্মীদের নিয়ে কেক কেটে জন্মদিন উদ্যাপন শুরু করেন। ওই সময়ের একজন যুবদল নেতা ও কয়েকজন বুদ্ধিজীবীর পরামর্শে এ আনুষ্ঠানিকতা শুরু হয় বলে বিএনপির কয়েকজন নেতা প্রথম আলোকে জানিয়েছেন।
১৯৯১ সালের ২০ মার্চ খালেদা জিয়া প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর সরকারিভাবে গণমাধ্যমে তাঁর যে জীবনবৃত্তান্ত পাঠানো হয়েছিল, তা ২১ মার্চ বিভিন্ন পত্রপত্রিকায় ছাপা হয়। এতে বলা হয়েছিল, খালেদা জিয়া ১৯৪৫ সালের ১৯ আগস্ট দিনাজপুর জেলায় জন্মগ্রহণ করেন।
১৯৭৫ সালের ১৫ আগস্ট কিছু সংখ্যক বিপথগামী সেনাসদস্যের হাতে স্বাধীনতার স্থপতি ও আওয়ামী লীগের সেসময়ের সভাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হন। আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর এ দিনটিকে জাতীয় শোক দিবস ঘোষণা করা হয়। একই দিন খালেদা জিয়ার জন্মদিন পালনের কঠোর সমালোচনা করে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতারা। বিএনপির নেতাদের অনেকে এই দিনে জন্মদিন পালন করা নিয়ে ভেতরে-ভেতরে নাখোশ।
২০১৩ সালের ২৬ অক্টোবর জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেলিফোন করেছিলেন তৎকালীন বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়াকে। এই টেলিফোন সংলাপের একপর্যায়ে শেখ হাসিনা ১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন পালন নিয়ে প্রশ্ন তোলেন। গত ১ আগস্ট জাতীয় শোক দিবসে খালেদা জিয়াকে আবার জন্মদিন পালন না করার আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বলেছিলেন, ১৫ আগস্ট যদি সত্যিকারের জন্মদিন হয়ে থাকে, তাহলেও খালেদা জিয়া যেন ১৬ বা ১৭ আগস্ট জন্মদিন পালন করেন।
এমন পরিস্থিতিতে এ বছর ১৫ আগস্টের প্রথম ক্ষণে কেক কাটা নিয়ে বিএনপির মধ্যেও ধোঁয়াশা ছিল। গতরাতে বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, সাধারণত শুক্রবার ও ছুটির দিনে বিএনপির চেয়ারপারসন তাঁর কার্যালয়ে যান না।
গত ২০০৯ সালে ১৪ আগস্ট ছিল শুক্রবার। ওই দিন দিবাগত রাতে মির্জা আব্বাসের নেতৃত্বে যুবদলের নেতা-কর্মীরা দলের নয়াপল্টন কার্যালয়ে ৬৫ পাউন্ড ওজনের কেক কেটে খালেদা জিয়ার জন্মদিন পালন করা হয়।