খালেদার কার্যালয়ের পরিস্থিতি পরিদর্শনের আহ্বান বিএনপির
দলের চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয় পরিদর্শন করে সেখানকার পরিস্থিতি বিশ্ববাসীর কাছে তুলে ধরার জন্য দেশের এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও সংগঠনের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি।
গতকাল বুধবার এক বিবৃতিতে দলের যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমদ এ আহ্বান জানান।
বিবৃতিতে সালাহউদ্দিন আহমদ বলেন, খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে টেলিফোন, ফ্যাক্স, ইন্টারনেট, ব্রডব্যান্ড কেব্ল সংযোগসহ সব যোগাযোগব্যবস্থা পুনঃস্থাপন করা হয়নি। তিনি এসব বিষয়ে জাতিসংঘের মানবাধিকার সংস্থাকে তাদের যথাযথ ন্যায়সংগত পদক্ষেপ নেওয়ার আবেদন জানান।
বিএনপির যুগ্ম মহাসচিব আরও অভিযোগ করেন, ক্ষমতাসীন দল আওয়ামী লীগের হাতে গণতন্ত্র, মানবাধিকার, মৌলিক অধিকার, বিচারব্যবস্থা, সংসদ ও সর্বোপরি সমগ্র রাষ্ট্রব্যবস্থা জিম্মি হয়ে পড়েছে। তিনি বলেন, আন্দোলনকামী মানুষকে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে খালে-বিলে-বেড়িবাঁধে লাশ ফেলে রাখা হচ্ছে। ক্রসফায়ারের ধরন পাল্টে ফেলা হয়েছে। প্রতিনিয়ত বিরোধীদলীয় নেতা-কর্মীকে গুম, খুন ও অপহরণ করা হচ্ছে।
বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ বিএনপি ও জোটের নেতাদের রিমান্ডে নেওয়ার প্রতিবাদ জানিয়ে তাঁদের নিঃশর্ত মুক্তি দাবি করা হয়।