খালেদার জন্মদিন পালন প্রতিহত করবে ছাত্রলীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যেকোনো স্থানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন পালনের চেষ্টাকারীদের প্রতিহত করবে ছাত্রলীগ।

আজ রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকরের দাবিতে আয়োজিত মানববন্ধনে ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ এ কথা বলেন। জন্মদিনের কেক তৈরির সঙ্গে যারা সম্পৃক্ত থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়ারও নির্দেশ দেন ছাত্রলীগ সভাপতি।
সাইফুর রহমান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের সদস্যদের যারা হত্যা করেছে সেই পলাতক খুনিদের অবিলম্বে দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার পাশাপাশি তাদের সকল সম্পদ বাজেয়াপ্ত করার দাবি জানাচ্ছি। যারা জাতির পিতাকে হত্যা করে এ দেশের মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করতে চেয়েছিল তাদের এ দেশ থেকে কোনো প্রকার রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা যেন না দেওয়া হয়, সরকারের কাছে সেই দাবি জানাচ্ছি।
মানববন্ধন শেষে পররাষ্ট্র মন্ত্রণালয় গিয়ে ছাত্রলীগের একটি প্রতিনিধি দল বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত পলাতক খুনিদের দেশে ফিরিয়ে আনার দাবিতে স্মারকলিপি প্রদান করেন।
আজকের অনুষ্ঠানে সহসভাপতি আরিফুর রহমান, তোফাজ্জেল হক, সৈয়দ আশিক, আমিনুল ইসলাম, কাজী মাহবুব, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফয়সল আমীন, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন শাহজাদা, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি সৈয়দ মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।