খালেদার জন্য আন্দোলনের পথ খোলা: সুরঞ্জিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুরঞ্জিত সেনগুপ্ত
সুরঞ্জিত সেনগুপ্ত

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য এখনো আন্দোলনের পথ খোলা আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি বলেছেন, ‘আন্দোলন করলে আপনার জন্য পথ খোলা আছে। তবে আন্দোলন সহিংস হতে পারবে না। আন্দোলন হতে হবে গণতান্ত্রিক, শাসনতান্ত্রিক ও সাংবিধানিকভাবে পরিচালিত।’
আজ সোমবার দুপুরে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এক স্মরণসভায় সুরঞ্জিত সেনগুপ্ত এসব কথা বলেন।
সুরঞ্জিত বলেন, ‘আপনি যদি আবারও স্বপ্ন দেখেন আন্দোলনের নামে নৈরাজ্য ও সহিংসতা করবেন। তাহলে আপনি বোকার রাজ্যে বসবাস করবেন। আমি গণতান্ত্রিক মানুষ, হুমকি-ধামকিতে বিশ্বাস করি না। আপনাকে বলছি, জামায়াতকে ত্যাগ করুন। জামায়াতকে বলব, যুদ্ধাপরাধীদের ত্যাগ করুন। উভয়কে বলব—যুদ্ধাপরাধের বিচারে সহায়তা করেন।’

খালেদা জিয়ার উদ্দেশে সুরঞ্জিত আরও বলেন, ‘ধৈর্য ধরুন। ভুলের মাশুল তো আপনাকে দিতেই হবে। ইচ্ছা হলে নির্বাচনে আসবেন, ইচ্ছা হলে আসবেন না। এভাবে সাংবিধানিক রাজনীতি হয় না। সাংবিধানিক রাজনীতি করলে পুরোপুরিই সাংবিধানিক হতে হবে।’ তিনি বলেন, মুক্তিযুদ্ধ বায়বীয় বিষয় নয়, এতে নেতৃত্ব ছিল। মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছিল। এটাই মুক্তিযুদ্ধের সামাজিক, রাজনৈতিক ও সাংবিধানিক ইতিহাস। এটি বাংলাদেশ গেজেটে লিপিবদ্ধ করা আছে। তারেক রহমানকে উদ্দেশ করে সুরঞ্জিত বলেন, ‘ছেলে হিসেবে পিতার প্রতি শ্রদ্ধাবোধ থাকা ভালো। তাই বলে ইতিহাসকে অতিক্রম করে কিছু করা যাবে না।’ প্রয়াত আব্দুর রাজ্জাকের স্মৃতিচারণা করে সুরঞ্জিত বলেন, ‘অনেকে রাজনীতিবিদদের নিয়ে অনেক কথা বলেন। আব্দুর রাজ্জাক মৃত্যুর সময় অর্থসংকটে ভুগেছেন। তিনি ব্যাপক কর্মীবান্ধব ছিলেন। প্রগতিশীল রাজনীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত আব্দুর রাজ্জাক।’

নৌকা সমর্থক গোষ্ঠী নামের একটি সংগঠনের ওই স্মরণসভায় সভাপতিত্ব করেন স্বতন্ত্র সাংসদ হাজি মো. সেলিম।

সুন্দরবন নিয়ে বিএনপি ‘ভাঁওতাবাজি’ করছে
এদিকে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, সুন্দরবনের শ্যালা নদীতে ট্যাংকারডুবির ঘটনায় তদন্ত কমিটি করে বিএনপি জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে। তাঁর ভাষ্য, বিএনপি ক্ষমতায় থাকাকালে সুন্দরবন বনদস্যুদের হাতে ইজারা দিয়ে দিয়েছিল। আর এখন ট্যাংকারডুবির ঘটনায় তদন্ত কমিটি করে দেশের জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে।

আজ সোমবার দুপুরে সেগুনবাগিচার খাজা নিজামুদ্দিন মিলনায়তনে এক আলোচনা সভায় হাছান মাহমুদ এসব কথা বলেন। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট নামের একটি সংগঠন এই আলোচনা সভার আয়োজন করে।