খালেদার জাতীয় পতাকার ব্যবহার নিয়ে প্রশ্ন শামীম ওসমানের
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জাতীয় পতাকার ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছেন ক্ষমতাসীন দলের সাংসদ শামীম ওসমান।
আজ বুধবার সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে অনির্ধারিত আলোচনায় শামীম ওসমান এ প্রশ্ন তোলেন। জাতীয় পতাকা ব্যবহার করার জন্য তিনি খালেদা জিয়ার শাস্তি দাবি করেন।
শামীম ওসমান বলেন, রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম অনুযায়ী জাতীয় পতাকা ব্যবহার করতে পারেন না খালেদা জিয়া। মঙ্গলবার দেখলাম বিদেশি রাষ্ট্রদূতেরা তাঁর বাসায় গিয়েছিলেন। তাঁর পেছনে জাতীয় পতাকা। কোন ক্ষমতাবলে তিনি জাতীয় পতাকা ব্যবহার করছেন? এ জন্য তিনি খালেদা জিয়ার শাস্তি দাবি করেন।
এর আগে নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াৎ আইভীর গাড়িতে পতাকা ব্যবহার নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের কাছে জবাব দাবি করেন স্বতন্ত্র সাংসদ রুস্তম আলী ফরাজী। তিনি বলেন, রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম অনুযায়ী নারায়ণগঞ্জের মেয়র পতাকা ব্যবহার করতে পারেন না। এভাবে চলতে থাকলে তো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরাও পতাকা তুলবেন। তখন সংসদ সদস্যরা কি বসে থাকবে?