খালেদার জায়গা সংলাপের টেবিল নয়, কারাগার: তথ্যমন্ত্রী
আগুনে মানুষ পোড়ানোর ‘আসামি’ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জায়গা সংলাপের টেবিল নয়, কারাগার—এই মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আজ শনিবার সকাল নয়টার দিকে কুষ্টিয়া সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের কাছে মন্ত্রী এ মন্তব্য করেন।
মন্ত্রী ইনু বলেন, ‘আগুনে মানুষ পোড়ানোর আসামি খালেদা জিয়াকে রেখে বাংলাদেশ উন্নয়ন ও শান্তির পথে আর এগোবে না। তিনি রাজনীতির শনি ও দুষ্টগ্রহ।’
বর্তমান পরিস্থিতির কী সমাধান হতে পারে? এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান হাসানুল হক ইনু বলেন, ‘সমাধান একটাই। এটা প্রমাণ হয়ে গেছে যে আগুনে মানুষ পোড়ানোর উসকানিদাতা ও আসামি খালেদা জিয়াকে বাংলাদেশের রাজনীতি থেকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিতে হবে। এ ছাড়া আর তো পথ নেই।’
এ সময় জেলা জাসদের সাধারণ সম্পাদক আবদুল আলিম স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক অসিত সিংহ রায় প্রমুখ উপস্থিত ছিলেন।