খালেদা জিয়ার বক্তব্য 'রাজনৈতিক': দুদক চেয়ারম্যান
দুর্নীতি দমন কমিশনকে (দুদক) ‘দায়মুক্তি কমিশন’ বলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সমালোচনা করেছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. বদিউজ্জামান। তিনি খালেদা জিয়ার বক্তব্যকে ‘রাজনৈতিক’ বলে মন্তব্য করেছেন।
আজ রোববার সকালে দুদকের দশম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ সমালোচনা করেন বদিউজ্জামান।
সরকারি দলের প্রভাবশালীদের দুর্নীতির অভিযোগ থেকে ‘দায়মুক্তি’ দেওয়া হচ্ছে দাবি করে সম্প্রতি এক জনসভায় খালেদা জিয়া দুদককে ‘দায়মুক্তি কমিশন’ হিসেবে উল্লেখ করেন।
বিএনপির চেয়ারপারসনের ওই বক্তব্য প্রসঙ্গে দুদক চেয়ারম্যান বলেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে দুদকের সমালোচনা করা ঠিক নয়। সমালোচনা গঠনমূলক হওয়া উচিত।
গত ২১ নভেম্বর ছিল দুদকের দশম প্রতিষ্ঠাবার্ষিকী। ওই দিন সরকারি ছুটি থাকায় আজ আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে দুদক।
২০০৪ সালের ২১ নভেম্বর দুর্নীতি দমন ব্যুরো বিলুপ্ত করে দুর্নীতি দমন কমিশন (দুদক) গঠন করা হয়। দুদক প্রতিষ্ঠার এক দশকে প্রতিষ্ঠানটির কর্মকাণ্ড নিয়ে নানা আলোচনা ও সমালোচনা রয়েছে। অনেকে মনে করেন, দুর্নীতির অভিযোগ ওঠা ব্যক্তিদের ঢালাওভাবে ‘দায়মুক্তি’ দেওয়ার ঘটনা দুদকের ওপর সাধারণ মানুষের আস্থা নষ্ট করছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে দুদক চেয়ারম্যান দাবি করেন, অনুসন্ধানে যাঁদের বিরুদ্ধে তথ্য পাওয়া যাচ্ছে, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কাউকেই ঢালাওভাবে ছাড় দেওয়া হচ্ছে না।
বদিউজ্জামানের ভাষ্য, দুদক কাজ করছে বলেই এত কথা হচ্ছে। সরকারি দলের মন্ত্রী-এমপিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘটনা অতীতে কখনোই ঘটেনি। কিন্তু বর্তমান কমিশন এটা করে দেখিয়েছে।
দুদক চেয়ারম্যানের দাবি, সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে আরও মন্ত্রী-এমপির বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদক দ্বিধা করবে না।
রাজশাহীর সাংসদ এনামুল হকের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শেষে মামলা করার বিষয়ে দুদকের দুই কমিশনারের মতপার্থক্য প্রসঙ্গে জানতে চাইলে বদিউজ্জামান বলেন, এটা থাকতেই পারে। তবে এনামুলের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি কমিশন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ সকালে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে পতাকা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন দুদক চেয়ারম্যান। এ সময় দুদকের কর্মকর্তা ও কর্মচারীরা দুর্নীতির বিরুদ্ধে শপথ নেন।