খালেদার দুর্নীতি মামলার শুনানি ৯ মার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দুটি দুর্নীতি মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয়েছে ৯ মার্চ। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার এ দিন ধার্য করেন। খালেদা জিয়ার আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানির নতুন দিন ধার্য করা হয়।

বিএনপি চেয়ারপারসনের আইনজীবী সানাউল্লা মিয়া প্রথম আলোকে বলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুটি মামলায় বিচারিক আদালতের আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করেছেন খালেদা জিয়া, যা উচ্চ আদালতে শুনানির অপেক্ষায় রয়েছে। সময় চাওয়া হলে আদালত শুনানির এই নতুন দিন ঠিক করেন।

পুরান ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসাসংলগ্ন মাঠে স্থাপিত অস্থায়ী এজলাসে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার বিচারকাজ চলছে। এ দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর মধ্যে ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগে করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আসামি হলেন খালেদা জিয়া, তাঁর বড় ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ছয়জন। তারেক রহমানের বিরুদ্ধে ইতিমধ্যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আর ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে করা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আসামি হলেন খালেদা জিয়াসহ চারজন।