খালেদার নিরাপত্তাকর্মীদের বাধায় ফিরে গেলেন আকতারুজ্জামান
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আজ শুক্রবারের সংবাদ সম্মেলনের সময় গুলশান কার্যালয়ে ঢুকতে দেওয়া হয়নি বিএনপির বহিষ্কৃত নেতা ও সাবেক সাংসদ মেজর (অব.) আকতারুজ্জামানকে। চেয়ারপারসনের নিরাপত্তা বাহিনীর (সিএসএফ) সদস্যরা আকতারুজ্জামানকে বাধা দিলে তিনি তাঁদের উদ্দেশে কিছু উত্তপ্ত কথা বলে চলে যান।
বিকেল চারটার দিকে খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে আসেন মেজর (অব.) আকতারুজ্জামান। তিনি ভেতরে ঢুকতে চাইলে মূল ফটকের সামনে দায়িত্বরত সিএসএফের সদস্যরা বাধা দেন। এ সময় তিনি সিএসএফ সদস্যদের উদ্দেশে ক্ষিপ্ত হয়ে বলতে থাকেন, ‘তোমরা কী পাইছ? সরকারের এজেন্ডাই বাস্তবায়ন করছে সিএসএফ। এই সিএসএফ সরকারের টাকায় চলে। খালেদা জিয়াকে বিচ্ছিন্ন করে রেখেছে তারা।’
আকতারুজ্জামান আরও বলেন, ‘ডাক, মজিদকে (খালেদা জিয়ার নিরাপত্তা সমন্বয়ক আবদুল মজিদ) ডাক! খালেদা জিয়াতো বারান্দায় এসেও লোকজনের সঙ্গে কথা বলতে পারেন। শিমুল বিশ্বাস সরকারি এজেন্ট। এদের জন্যই আজ দলের এ অবস্থা।’ প্রায় ১৫ মিনিট পর তিনি সেখান থেকে চলে যান।
এর আগে মেজর (অব.) আকতারুজ্জামান কোকোর মৃত্যুর দিন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এসেছিলেন। সেদিন তিনি বেশ কিছু সময় ভেতরে অবস্থান করেন। এরপর ৫ মার্চ কোকোর কুলখানির দিনও তিনি ওই কার্যালয়ে যান।