খালেদার নিরাপত্তায় পুলিশে আস্থা নেই বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিরাপত্তার কথা ভেবেই নির্বাচনী প্রচারণার স্থান ও সময় গোপন রাখার কৌশল নিয়েছেন তাঁর ব্যক্তিগত নিরাপত্তাকর্মীরা। খালেদা জিয়া কোথায় যাবেন, কখন যাবেন সে সম্পর্কে পুলিশকেও কোনো তথ্য জানানো হচ্ছে না।
নিরাপত্তারক্ষীরা অবশ্য মনে করছেন, ‘সরকারের প্রশ্রয়ে’ খালেদা জিয়ার ওপর যে ধরনের হামলা হলো, তা শুধু নিরাপত্তারক্ষীদের দিয়ে মোকাবিলা করা কঠিন। তবে পুলিশকেও আস্থায় নিতে পারছেন না তাঁরা। এ জন্য নির্বাচনী প্রচারের স্থানে আগে থেকেই দলীয় নেতা-কর্মীদের অবস্থান বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত সোমবার রাজধানীর কারওয়ান বাজারে খালেদা জিয়ার গাড়িবহরে সরকার-সমর্থকেরা হামলা করেন। এতে তাঁর জন্য থাকা দুটি গাড়ি ও নিরাপত্তারক্ষীদের (সিএসএফ) জন্য ব্যবহৃত তিনটি গাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনার পর বিএনপির চেয়ারপারসনের নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবছেন তাঁর নিরাপত্তাকর্মীরা। নিরাপত্তারক্ষীর সংখ্যা বাড়ানোর পাশাপাশি পুলিশকেও অন্তর্ভুক্তির প্রয়োজনীয়তার কথা বলেছেন কেউ কেউ।
নিরাপত্তাকর্মীদের একজন প্রথম আলোকে বলেন, আপাতত আগে থেকেই পুলিশকে অবহিত না করার সিদ্ধান্ত বলবৎ থাকছে। কেননা, অবস্থান আগে জানাজানি হলে সরকার-সমর্থকেরা বেশি সংখ্যায় জড়ো হয়ে পরিকল্পিত হামলার সুযোগ পাবেন।
বিএনপির চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা ফজলে এলাহী আকবর প্রথম আলোকে বলেন, ‘নিরাপত্তারক্ষীরা চেয়ারপারসনের নিরাপত্তায় সর্বশক্তি দিয়ে কাজ করছেন। কারওয়ান বাজারে হামলার পর তাঁর নিরাপত্তা নিয়ে আমরা আরও গভীরভাবে ভাবছি। তবে হামলা চালিয়ে তাঁকে নিবৃত্ত করা যাবে না।’
নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে ফজলে এলাহী বলেন, খালেদা জিয়া একজন রাজনৈতিক নেতা। সরকার পুলিশ সরিয়ে নিয়েছে। এখন তিনি বাইরে বের হলে আগে থেকেই দলীয় নেতা-কর্মীদের উপস্থিতি বাড়ানো হবে। আপাতত এটাই নতুন সিদ্ধান্ত। পুলিশকে আগে থেকে জানানোর কোনো সিদ্ধান্ত হয়নি।
খালেদা জিয়া গত শনিবার গুলশানে প্রথম দিনের মতো গণসংযোগ করেন। হঠাৎ করে বের হওয়ার কারণে বাধার মুখে পড়তে হয়নি। পরদিন তিনি উত্তরায় যাচ্ছেন এমন খবর ছড়িয়ে পড়লে ছাত্রলীগ, যুবলীগের বিক্ষোভের মুখে পড়ে ফিরে আসেন।
অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সোমবার গুলশান কার্যালয় থেকে ছড়ানো হয়, খালেদা জিয়া মিরপুর ও গাবতলী এলাকায় প্রচারে যাবেন। এ কারণে সেখানে অন্তত চারটি স্পটে ছাত্রলীগের বিপুলসংখ্যক কর্মী অবস্থান নেন। তবে খালেদা জিয়া সেদিকে না গিয়ে কারওয়ান বাজারে চলে আসেন। হঠাৎ কারওয়ান বাজারে আসায় সেখানে সরকার-সমর্থকেরা খুব বেশি সংখ্যায় অবস্থান নিতে পারেননি।
পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার প্রথম আলোকে বলেন, বিএনপির চেয়ারপারসন কারওয়ান বাজারে আসবেন, তা পুলিশকে জানানো হয়নি। সেখানে নিয়মিত টহলরত কয়েকজন পুলিশ সদস্য ছিলেন। তার পরও তাঁর নিরাপত্তার জন্য পুলিশ সচেষ্ট ছিল।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার জাহাঙ্গীর আলম বলেন, বিএনপির চেয়ারপারসনের সব কর্মসূচিতে পুলিশের নিরাপত্তা থাকে। কিন্তু তিনি কোথায় যাবেন, সেটা না জানালে পুলিশ কীভাবে নিরাপত্তা দেবে।