খালেদার নির্বাচনকালীন সরকারের রূপরেখার ঘোষণা ১০ মে
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাচনকালীন সহায়ক সরকারের একটি রূপরেখা দেবেন। আগামী ১০ মে শুক্রবার তিনি ‘ভিশন ২০৩০’ ঘোষণা করবেন। ওই সময়ের মধ্যে বাংলাদেশকে উচ্চ মধ্যম আয়ের দেশে উন্নীত করা হবে।
আজ বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামের নাসিমন ভবনের দলীয় কার্যালয় চত্বরে এক সমাবেশের প্রধান অতিথির বক্তব্য এসব কথা জানান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য খোন্দকার মোশাররফ হোসেন।
এদিকে সব শঙ্কা দূরে ঠেলে নগর বিএনপির কর্মী সমাবেশ সংঘাতহীনভাবে শেষ হয়েছে। পরপর দুই দিন গতকাল বুধ ও আগেরদিন মঙ্গলবার উত্তর ও দক্ষিণ জেলার কর্মী সমাবেশে সংঘর্ষের পর আজ বৃহস্পতিবার মহানগরের সমাবেশটি শান্তিপূর্ণ করাই ছিল নেতাদের প্রধান লক্ষ। সে লক্ষ্যার্জন করতে পেরে স্বস্তির নিশ্বাস ফেলেছেন তাঁরা। প্রায় সকলের বক্তব্যে শান্তিপূর্ণ সমাবেশের জন্য কর্মীদের প্রশংসা করা হয়।
নাসিমন ভবনের চত্বরে খোন্দকার মোশাররফ হোসেন বলেন, ক্ষমতায় টিকে থাকার জন্য এই সরকার জঙ্গিবাদকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। প্রধানমন্ত্রী ভারতে যাওয়ার আগে জঙ্গি দেখা গেল। আসার পর নেই। জঙ্গি নিয়ে তারা নাটক করছে। আওয়ামী লীগের আমলেই জঙ্গিবাদের উত্থান হয়েছে।
খালেদা জিয়া নির্বাচনকালীন সহায়ক সরকারের একটি রূপরেখা দেবেন উল্লেখ করে মোশাররফ হোসেন বলেন, খালেদা জিয়া কিছুদিনের মধ্যে নির্বাচনকালীন একটি সহায়ক সরকারের রূপরেখা ঘোষণা করবেন। আগামী ১০ তারিখ (মে) তিনি ভিশন ২০৩০ ঘোষণা করবেন। ওই সময়ের মধ্যে বাংলাদেশকে উচ্চ মধ্যম আয়ের দেশে উন্নীত করা হবে।
নগর বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে এই কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন নগর কমিটির সভাপতি শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন স্থায়ী কমিটির অপর সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন, চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার, অপর উপদেষ্টা সুকমল বড়ুয়া, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, দুই সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ ও জালাল উদ্দিন এবং নগর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি আবু সুফিয়ান।