খালেদার পদত্যাগ চেয়েছে কথিত 'আসল বিএনপি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ২ ফেব্রুয়ারির মধ্যে খালেদা জিয়াকে পদত্যাগ করে সব কমিটি ভেঙে দেওয়ার আহ্বান জানিয়েছেন কথিত ‘আসল বিএনপির’ মুখপাত্র কামরুল হাসান।
গতকাল শুক্রবার রাজধানীর হোটেল ওয়েস্টিনে এক সংবাদ সম্মেলন করে কামরুল হাসান এই আহ্বান জানান। তিনি নিজেকে কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য বলে দাবি করেন।
কৃষক দলের একজন সদস্য হয়ে নতুন করে বিএনপিকে গড়ার ক্ষমতা তাঁর আছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কামরুল দাবি করেন, তিনি একা নন। কৌশলগত কারণে এখন সবার নাম প্রকাশ করা হচ্ছে না।
এর আগে ৯ জানুয়ারি সংবাদ সম্মেলন করে তিনি ‘আসল বিএনপি’ গড়ার ঘোষণা দিয়েছিলেন। এর আগে তিনি অধ্যাপক শাহেদার নেতৃত্বাধীন ‘গড়ব বাংলাদেশ’ নামের একটি সংগঠনের মুখপাত্র ছিলেন।
নতুন বিএনপি গড়ার অর্থের উৎস সম্পর্কে জানতে চাইলে কামরুল বলেন, অর্থের উৎস তিনি নির্বাচন কমিশনকে জানাবেন। তবে কোনো ‘এজেন্সি’ বা প্রধানমন্ত্রীর টাকায় তিনি আসেননি।
এদিকে জাতীয়তাবাদী কৃষক দল গতকাল এক বিবৃতিতে বলেছে, কামরুল হাসান নামের কোনো ব্যক্তি কৃষক দলের কোনো পদে অতীতেও ছিল না, এখনো নেই। বিবৃতিতে অভিযোগ করা হয়, ‘বিকারগ্রস্ত ওই ব্যক্তি সরকারের এজেন্ডা বাস্তবায়নের অংশ হিসেবে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অসৎ উদ্দেশ্য নিয়ে তথাকথিত সংবাদ সম্মেলন করে মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করতে চাইছে।’