খালেদার পরামর্শ নেবেন প্রধানমন্ত্রী আশা বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে খালেদা জিয়ার সঙ্গে আলোচনা ও পরামর্শ করবেন বলে আশা করছে বিএনপি।
গতকাল শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র আসাদুজ্জামান (রিপন) এ আশার কথা জানান। তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর অনেক বিষয় নিয়ে কথা হবে। সীমান্ত চুক্তি বাস্তবায়ন, সীমান্ত হত্যা বন্ধ, তিস্তার পানি-বণ্টন চুক্তিসহ বিভিন্ন বিষয় সেখানে তুলে ধরা উচিত।
আসাদুজ্জামান বলেন, ‘আমরা আশা করি, প্রধানমন্ত্রী বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনায় বসবেন। সরকারের পররাষ্ট্রমন্ত্রীসহ অন্যরাও বিএনপির এক্সপার্টদের সঙ্গে এসব বিষয়ে বসতে পারেন। যাতে প্রধানমন্ত্রী বলতে পারেন, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তিনি যে বিষয়গুলো তুলছেন, তা কেবল আওয়ামী লীগের নয়, এতে সব দলের সম্মতি আছে।’

গতকাল শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র আসাদুজ্জামান এ আশার কথা জানান

বিএনপির এই নেতা বলেন, ভারতের প্রধানমন্ত্রী তাঁর সফরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আসছেন। এর আগে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং বাংলাদেশ সফরের সময় কয়েকজন মুখ্যমন্ত্রী নিয়ে এসেছিলেন। ভারত সরকার যখন কোনো দেশের সঙ্গে গুরুত্বপূর্ণ চুক্তি বা সমঝোতায় উপনীত হতে চায়, তখন তারা অন্যান্য দল, রাজ্যগুলোর বিরোধী দলের নেতাদের নিয়ে আসে। এটিই গণতন্ত্রের সৌন্দর্য।
বিএনপি ভারতের প্রকৃত বন্ধু: গতকাল সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন বলেন, বিএনপি ভারতবিরোধী দল নয়। বিএনপি হচ্ছে ভারতের প্রকৃত বন্ধু, সেই বন্ধুত্ব ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে। তিনি বলেন, ‘জিয়াউর রহমান পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক রেখে গেছেন। এমনকি ভারতের রাজনৈতিক দলগুলোর সঙ্গেও সুসম্পর্ক বজায় রেখে চলেছেন। আমরা আশা করি, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরে কোনো গোষ্ঠী নয়, সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করবেন।’