খালেদার পিঠে দুর্নীতির ছাপ: তথ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাসানুল হক ইনু। ফাইল ছবি।
হাসানুল হক ইনু। ফাইল ছবি।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মধ্যযুগের রাজরানি নন যে, মানুষ পুড়িয়ে হত্যা, চুরি-দুর্নীতির অপরাধের জন্য তাঁর বিরুদ্ধে মামলা হবে না। খালেদা জিয়াকে হত্যা, দুর্নীতি ও এতিমদের অর্থ আত্মসাতের অভিযোগে অভিযুক্ত করে তথ্যমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়ার হাতে রক্তের দাগ, পিঠে দুর্নীতির ছাপ।’
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর পল্টনে মুক্তি ভবনে জাতীয় শ্রমিক ফেডারেশন আয়োজিত মে দিবসের আলোচনায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন। তথ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
আলোচনায় হাসানুল হক ইনু বলেন, মানুষ পোড়ানোর মামলা থেকে খালেদা জিয়াকে রেহাই দেওয়ার জন্য যাঁরা তদবির করবেন, তাঁরা গণতন্ত্র এবং শ্রমিকের শত্রু। দেশের অর্থনীতির চালিকাশক্তি শ্রমিকদের কল্যাণে জঙ্গিমুক্ত রাজনীতি, নিরাপদ কর্মস্থল, সম্মানজনক ন্যূনতম মজুরি ও আপত্কালীন তহবিল-এই চারটি বিষয়ের ওপর সর্বাধিক গুরুত্ব দেন তিনি।
রাজনীতিতে খালেদা জিয়াকে রাখলে গণতন্ত্র বিপদে থাকবে, সে কারণে ‘গণতন্ত্র ও রাজনীতি বাঁচাতে খালেদা জিয়াকে রাজনীতি থেকে বাদ দেওয়া শ্রেয়তর’ বলেও মন্তব্য করে হাসানুল হক ইনু। তিনি বলেন, ‘সামান্যতম লজ্জা থাকলেও এত দিনে তাঁর রাজনীতি থেকে বিদায় নেওয়া উচিত ছিল।’

জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি আ স ম জাকারিয়ার সভাপতিত্বে আলোচনায় অংশ নেন অর্থনীতিবিদ এম এম আকাশ, ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য নজরুল ইসলাম হাক্কানী, ফেডারেশনের কার্যকরী সভাপতি শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক আমিরুল হক, সহসভাপতি আসা আক্তার প্রমুখ।