খালেদার পৈতৃক বাড়ির সামনে আ.লীগের কাঙালিভোজ
জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল শনিবার ফেনীর ফুলগাজী উপজেলার দক্ষিণ শ্রীপুর গ্রামে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পৈতৃক বাড়ির সামনে নানা কর্মসূচির আয়োজন করে আওয়ামী লীগ।
সূত্র জানায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল দুপুরে খালেদা জিয়ার পৈতৃক বাড়ির সামনে আয়োজিত দোয়া মাহফিল, শোকসভা ও কাঙালিভোজে প্রধান অতিথি ছিলেন ফেনী-১ আসনের সাংসদ জাসদের নেত্রী শিরীন আখতার। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আলিমসহ দলের নেতা-কর্মী এবং স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। খালেদা জিয়ার আত্মীয়দের কাউকে সেখানে দেখা যায়নি। অনুষ্ঠানে সহস্রাধিক মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
আগের দিন শুক্রবার বিকেলে ফেনী-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী দলের কয়েকজন নেতাকে নিয়ে খালেদা জিয়ার পৈতৃক বাড়িতে যান।
সাংসদ নিজাম হাজারী প্রথম আলোকে বলেন, ‘বেগম খালেদা জিয়ার চাচাতো ভাই শামীম মজুমদার বলেছিলেন “আপনারা তো বিভিন্ন জায়গায় কাঙালিভোজ করে থাকেন, এবার আমাদের এখানেও করতে পারেন।” এ কথায় আমি রাজি হই এবং একটি গরু ও চালসহ যাবতীয় মসলার ব্যবস্থা করে দিয়েছি। স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ এতে সহযোগিতা করেছে।’
সূত্র জানায়, কাঙালিভোজের জন্য গত শুক্রবার রাতে ৭৫ হাজার টাকা দামের একটি গরু এবং চালসহ যাবতীয় মসলা নিয়ে যাওয়া হয়। রাত ১২টার পর গরু জবাই করা হয়। রাতে গরু জবাইসহ বিভিন্ন কাজের তদারকি করেন জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি খায়রুল বাশার, ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আলিম, পরশুরাম উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, ঢাকাস্থ ফেনী সমিতির সাধারণ সম্পাদক শেখ আবদুল্লাহ, ফুলগাজী সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নুরুল ইসলাম রায়হানসহ বেশ কয়েকজন নেতা-কর্মী।
খালেদা জিয়ার পৈতৃক বাড়িতে তাঁর এক চাচাতো ভাই পরিবারসহ থাকেন। তাঁর প্রয়াত ভাই সাইদ এস্কান্দারের ঘরটি তালাবদ্ধ থাকে।
এ বিষয়ে কথা বলার জন্য চেষ্টা করেও খালেদা জিয়ার পৈতৃক বাড়ির কাউকে পাওয়া যায়নি।