খালেদার প্রতিদ্বন্দ্বী পাওয়া যাবে মনে করেন না হাফিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন পদে খালেদা জিয়ার বিপরীতে কোনো প্রতিদ্বন্দ্বী পাওয়া যাবে বলে মনে করেন না দলটির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দীন আহমেদ। আজ সোমবার তিনি এই মন্তব্য করেন। 

মৎস্যজীবী দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাফিজ সংগঠনটির নেতা-কর্মীদের নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানান। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
দলের চেয়ারপারসন পদে নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাফিজ উদ্দীন আহমেদ বলেন, ‘বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব খালেদা জিয়াই বিএনপির চেয়ারপারসন। সুতরাং এই পদের জন্য প্রতিদ্বন্দ্বী পাওয়া যাবে বলে আমরা মনে করি না। যদিও সুযোগ দেওয়া হয়েছে।’
আগামী ১৯ মার্চ বিএনপির চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন হবে। আজ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
এক-এগারো সংক্রান্ত এক প্রশ্নের জবাবে হাফিজ বলেন, ওয়ান-ইলেভেন আওয়ামী লীগেরই আন্দোলনের ফসল। এখন তারা এই প্রসঙ্গটি তুলে মিডিয়া গরম করছে। প্রকৃতপক্ষে তারা চায় না গণমাধ্যম নিরপেক্ষ থাকুক। এ কারণে গণমাধ্যম ব্যক্তিত্বদের তারা আক্রমণ করছে।